
টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক
মোহাম্মদ রায়হান ইসলাম
উপজেলা প্রতিনিধি, টেকনাফ
কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে প্রায় এক কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা ও মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে রাখা বিভিন্ন ধরনের ওষুধসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে দুজন মিয়ানমারের নাগরিক ও একজন বাংলাদেশি নাগরিক বলে জানিয়েছে কোস্ট গার্ড।
রোববার (৬ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে টেকনাফ থানাধীন নাইট্যংপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি দল অভিযান পরিচালনা করে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, অভিযানে একটি সন্দেহজনক বসতবাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা ও মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে রাখা বিভিন্ন ধরনের ওষুধ উদ্ধার করা হয়। এ সময় দুই মিয়ানমারের নাগরিককে আটক করা হয়।
কোস্ট গার্ড জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, তারা মিয়ানমার থেকে নাফ নদী দিয়ে সাঁতার কেটে বাংলাদেশে প্রবেশ করে ওই বাড়িতে অবস্থান করছিলেন। পরে বাড়ির মালিকের নেতৃত্বে বাংলাদেশে ইয়াবা আনা এবং বাংলাদেশ থেকে মিয়ানমারে অবৈধভাবে ওষুধ পাচারের পরিকল্পনা করা হয়েছিল।
পরবর্তীতে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই বাড়ির মালিক ও কথিত বাংলাদেশি মাদক কারবারিকেও আটক করা হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, উদ্ধার করা ইয়াবা ও ওষুধসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।