
দোয়ার মাহফিলের কথা বলে ডেকে মাদরাসা শিক্ষককে আটকে ভিডিও ধারণ, অর্থ দাবির অভিযোগ
রাজশাহী ব্যুরো।
রাজশাহীর এয়ারপোর্ট থানা এলাকায় দোয়ার মাহফিলে অংশ নেওয়ার কথা বলে এক মাদরাসা শিক্ষককে ডেকে নিয়ে একটি বাড়িতে আটকে রেখে আপত্তিকর ভিডিও ধারণ এবং পরে সেই ভিডিও দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। ভুক্তভোগী শিক্ষকের দাবি, টাকা দিতে অস্বীকৃতি জানানোয় ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন মাদরাসা শিক্ষক মো. গোলাম মোস্তফা (৫২)। তিনি রাজশাহীর পবা উপজেলার পুঠিয়াপাড়া এলাকার বাসিন্দা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গোলাম মোস্তফা বলেন, চলতি বছরের ১৮ ও ১৯ জানুয়ারি অজ্ঞাতপরিচয় এক নারীসহ কয়েকজন ব্যক্তি তাঁকে ফোন করেন। তাঁরা নিজেদের পরিচয় দিয়ে তাঁদের বাড়িতে অনুষ্ঠিতব্য একটি দোয়ার মাহফিলে অংশ নেওয়ার জন্য তাঁকে আমন্ত্রণ জানান। বিষয়টিকে স্বাভাবিক মনে করে তিনি ১৯ জানুয়ারি রাতে তাঁদের দেওয়া ঠিকানায় যাওয়ার জন্য রওনা হন।
গোলাম মোস্তফার ভাষ্য অনুযায়ী, নির্ধারিত এলাকায় পৌঁছানোর পর এক নারী ও এক ব্যক্তি তাঁকে কৌশলে একটি দোতলা বাড়ির ভেতরে নিয়ে যান। সেখানে আগে থেকেই কয়েকজন ব্যক্তি অবস্থান করছিলেন। তাঁর অভিযোগ, বাড়িটির ভেতরে যাওয়ার পর ৪ থেকে ৫ জন ব্যক্তি তাঁকে জোরপূর্বক আটকে রাখেন এবং তাঁর পোশাক খুলে মোবাইল ফোনের মাধ্যমে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করেন।
ভুক্তভোগী শিক্ষক আরও অভিযোগ করেন, ভিডিও ধারণের পর তাঁকে ভয় দেখানো হয়। বলা হয়, দাবিকৃত টাকা না দিলে ধারণ করা ছবি ও ভিডিও ইন্টারনেট এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে। এ সময় তাঁর কাছে দুই লাখ টাকা দাবি করা হয় বলে সংবাদ সম্মেলনে জানান তিনি।
পরিস্থিতি বুঝতে পেরে গোলাম মোস্তফা কৌশলে তাঁর ছেলের সঙ্গে ফোনে যোগাযোগ করেন এবং বিষয়টি জানান। পরিবারের সদস্যরা তখন বিষয়টি পুলিশকে অবহিত করার উদ্যোগ নেন। পুলিশকে খবর দেওয়া হয়েছে—এমন বিষয়টি অভিযুক্তরা জানতে পারলে তাঁকে ছেড়ে দেওয়া হয় বলে দাবি করেন ওই শিক্ষক।
ঘটনার পর পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে গোলাম মোস্তফা রাজশাহী মহানগর পুলিশের এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ করেন। তবে অভিযোগ দায়েরের পরও দীর্ঘ সময় ধরে অভিযুক্তদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন তিনি।
গোলাম মোস্তফা বলেন, ঘটনার পর বিষয়টি নিয়ে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। সামাজিক সম্মান ও পারিবারিক মর্যাদার কথা বিবেচনা করে তিনি বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ছিলেন। এর মধ্যেই গত ২ সেপ্টেম্বর চক্রটির সদস্যরা আবারও তাঁকে ফোন করতে শুরু করেন।
ভুক্তভোগীর অভিযোগ, এবার ফোনে নিজেদের ‘ডিবি পুলিশ’ হিসেবে পরিচয় দেওয়া হয়। আগের ধারণ করা ভিডিওর কথা উল্লেখ করে তাঁর কাছে আবারও টাকা দাবি করা হয়। চপল, শাহীন সাগর ও রাজিব নামের কয়েকজন ব্যক্তি তাঁকে বিভিন্ন সময়ে ফোন করে দেখা করার জন্য চাপ দিতে থাকেন বলেও অভিযোগ করেন তিনি।
গোলাম মোস্তফার দাবি, দাবিকৃত অর্থ দিতে রাজি না হওয়ায় তাঁকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয় এবং একপর্যায়ে ওই চক্রের হাতে থাকা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এতে তাঁর সামাজিক ও পারিবারিক সম্মান ক্ষুণ্ন হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রকাশিত ভিডিওটি দেখলে তাঁর কাছে পুরো ঘটনাটি পূর্বপরিকল্পিত বলে মনে হয়েছে। তাঁকে ফাঁদে ফেলে ভিডিও ধারণ এবং পরবর্তীতে সেই ভিডিওকে ব্যবহার করে অর্থ আদায়ের চেষ্টা করা হয়েছে বলে তিনি দাবি করেন। একই সঙ্গে একটি স্বার্থান্বেষী মহল অভিযুক্তদের সঙ্গে যোগসাজশ করে ভিডিওটি ছড়িয়ে দিয়ে তাঁর সম্মানহানি করছে বলেও অভিযোগ করেন তিনি।
গোলাম মোস্তফা আরও বলেন, তিনি একজন মাদরাসা শিক্ষক হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন। এ ধরনের একটি ঘটনায় তাঁর ব্যক্তিগত ও সামাজিক জীবনে বিরূপ প্রভাব পড়েছে। তাই বিষয়টির নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
তিনি পুলিশ প্রশাসনের কাছে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার, ভিডিও ছড়িয়ে দেওয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর কারও সঙ্গে না ঘটে সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
এ বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ভুক্তভোগীর অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্তের আওতায় নেওয়া হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করে ঘটনার সঙ্গে কারা জড়িত, তা শনাক্ত করার চেষ্টা চলছে। জালিয়াতি, প্রতারণা ও ব্ল্যাকমেইলের সঙ্গে জড়িতদের শনাক্ত করা গেলে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানিয়েছে, অভিযোগের বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয়, ব্যবহৃত মোবাইল ফোন ও যোগাযোগের তথ্যসহ সংশ্লিষ্ট বিষয়গুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।