শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
Title :
ময়মনসিংহে ইন্সপেক্টর সেলিম মিয়ার চৌকস অভিযানে নাশকতার চেষ্টাকালে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ৬ কিশোর আটক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ সখীপুরে কারাবন্দি ৪ সাংবাদিকের মুক্তির দাবিতে ২৬ নভেম্বর টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে কর্মসূচি আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর পাঁচ স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল ঠাকুরগাঁও ভুল্লিতে ১০০ সিম সহ ডিবির অভিযানে ক্যাসিনোর এজেন্ট গ্রেফতার। হবিগঞ্জের মাধবপুরে একই দিনে বিয়ের হবু বধুসহ ২ তরুনীর আত্নহত্যা নরসিংদীর শিবপুরে বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার ( ভূমি) সামিউর রহমান। পানের বরজ থেকে নারীর ম র দে হ উদ্ধার ফরিদপুরে ৪ হাজার ২২০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ মীরসরাইয়ে পুলিশের টহল গাড়িকে বাসের ধাক্কা, ৬ পুলিশ সদস্য আহত নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান, পিকআপ ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার ছাত্র আন্দোলনে মিরপুরে সাগর হত্যা মামলায় ০১ জন গ্রেফতার শিশুর অধিকার, নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার আহ্বান আপনাদের ভোট, আমার দায়িত্ব—উন্নত ও সুন্দর ওয়ার্ড গড়ার অঙ্গীকার__ মেম্বার পদপ্রার্থী সেলিম রেজা। তারেক রহমানের ৬২তম জন্মদিনে ৬২ হাজার নিম গাছের চারা ও মগ উপহার দিলেন মীর শাহে আলম। নেত্রকোণায় কোটি টাকার বেশি মূল্যের ৫০ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার দাকোপ উপজেলা ফ্যামিলি কার্ডের তথ্য শুমারি ভোগান্তিতে জরিপকারীরা। সেনবাগে পর্তুগালের রাজকীয় অতিথিদের বর্ণাঢ্য সংবর্ধনা ​ হবিগঞ্জের মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে সাংবাদিক গ্রেফতার , পরিকল্পিত ষড়যন্ত্রের দাবি। লৌহজংয়ে পাঁচ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু শোকে স্তব্ধ পরিবার আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস: স্বপ্ন, সাহস ও আত্মনির্ভরতায় এগিয়ে যাচ্ছেন নারী উদ্যোক্তারা নোয়াখালীতে IBWF-এর ব্যবসায়ী সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত বৃষ্টি উপেক্ষা করে ফরিদপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিবাদ কর্মসূচি, সতর্ক অবস্থানে নেতাকর্মীরা বগুড়ার শিবগঞ্জে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের ঘটনায় ছাত্রলীগ কর্মী গ্রেফতার অসুস্থ শরীরেও থেমে নেই দায়িত্ব: হাতে কেনুলা নিয়েই ফ্যামিলি কার্ডের তথ্য জরিপে মৌমিতা খানম। নান্দাইলে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত, দুই শিশুসহ আহত ৭ ​কালাইয়ে ৩ হাজার ৩০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরন আলোকিত লালমনিরহাট স্বেচ্ছা সেবকদের সাথে মতবিনিময় উপলক্ষে প্রধানমন্ত্রীর আগমন কালাইয়ের বেগুনগ্রাম চিশতিয়া আস্তানা শরিফে ঐতিহ্যবাহী বৃহত্তম নবান্ন উৎসবের বর্ণিল আয়োজন গাজীপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টবল পদে নিয়োগ অক্টোবর-২০২৬ এর ১ম দিনের কার্যক্রম সম্পন্ন..

১৪ বছরেও বাড়েনি ভাড়া, চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের প্রতিষ্ঠানের কারণে ৬২ কোটি টাকা ক্ষতি উত্তরা ব্যাংকের  

  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৩১ Time View

মোহাম্মদ শফিকুল ইসলাম জেলা প্রতিনিধি ঢাকা।  

রাজধানীর মতিঝিলে উত্তরা ব্যাংকের নিজস্ব ১৮ তলা প্রধান কার্যালয় ভবনের চারটি ফ্লোরে দীর্ঘদিন ধরে কার্যক্রম চালাচ্ছে আফতাব গ্রুপের পাঁচটি প্রতিষ্ঠান। ২০১২ সালে এসব প্রতিষ্ঠানকে প্রতি বর্গফুট মাত্র ৬৫ টাকা ভাড়ায় জায়গা দেওয়া হয়েছিল। চুক্তিতে প্রতি দুই বছর পরপর বাজারদর অনুযায়ী ভাড়া নতুন করে ঠিক করার শর্ত থাকলেও গত ১৪ বছরে তা কার্যকর হয়নি। অথচ একই ভবনের অন্য প্রতিষ্ঠানের কাছ থেকে প্রতি বর্গফুটে সর্বোচ্চ ২৮০ টাকা পর্যন্ত ভাড়া আদায় করছে ব্যাংকটি। এতে ভাড়া বাবদ ব্যাংকের অন্তত ৬২ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বিষয়টি আরও গুরুতর হয়ে উঠেছে ভাড়াটিয়া প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ব্যাংকের শীর্ষ দুই ব্যক্তির সংশ্লিষ্টতার কারণে। আফতাব গ্রুপের নির্বাহী চেয়ারম্যান মো. আজহারুল ইসলাম উত্তরা ব্যাংকের চেয়ারম্যান। আর গ্রুপটির ব্যবস্থাপনা পরিচালক ইফতেখারুল ইসলাম ব্যাংকের ভাইস চেয়ারম্যান। অভিযোগ রয়েছে, তাঁদের প্রভাবের কারণে ব্যাংক ব্যবস্থাপনা ভাড়া পুনর্নির্ধারণ কিংবা প্রতিষ্ঠানগুলোকে ভবন থেকে সরিয়ে দেওয়ার কার্যকর উদ্যোগ নিতে পারেনি।

বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন প্রতিবেদন ও সংশ্লিষ্ট নথিপত্রেও এই দীর্ঘদিনের অনিয়মের চিত্র উঠে এসেছে। কেন্দ্রীয় ব্যাংক একাধিকবার আপত্তি জানিয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দিলেও এখন পর্যন্ত তা পুরোপুরি বাস্তবায়িত হয়নি।

কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষণ অনুযায়ী, মতিঝিলের বাণিজ্যিক এলাকায় থাকা এই ভবনের অন্তত ৮ হাজার বর্গফুট জায়গা আফতাব গ্রুপের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ভাড়া দেওয়া হয়েছে। এদের জন্য ভাড়া ধরা হয়েছে প্রতি বর্গফুট ৬৫ টাকা। অথচ একই ভবনের তুলনামূলক কম সুবিধাজনক অবস্থানের জায়গা অন্য প্রতিষ্ঠানকে অনেক বেশি দামে ভাড়া দেওয়া হয়েছে। ফলে প্রতি বর্গফুটে ভাড়ার ব্যবধান দাঁড়িয়েছে সর্বোচ্চ ২১৫ টাকা।

এই ব্যবধান ধরে হিসাব করলে ব্যাংকের সম্ভাব্য ভাড়া আয় প্রতি মাসে কমেছে ১৭ লাখ ২০ হাজার টাকা। বছরে এর অঙ্ক ২ কোটি ৬ লাখ ৪০ হাজার টাকা। আর ১৪ বছরে মোট ব্যবধান দাঁড়ায় ২৮ কোটি ৮৯ লাখ ৬০ হাজার টাকা।

তবে ব্যাংকের অভ্যন্তরীণ হিসাব বিভাগের কর্মকর্তাদের দাবি, চুক্তির শর্ত মেনে প্রতি দুই বছর পর বাজারদরে ভাড়া নির্ধারণ করা হলে ক্ষতির পরিমাণ ৬২ কোটি টাকাও ছাড়িয়ে যেত। তাঁদের অভিযোগ, বহিঃনিরীক্ষার সময় নানা ফাঁকফোকরের কারণে প্রকৃত ক্ষতির হিসাব যথাযথভাবে উঠে আসেনি। কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শক দলও এ নিয়ে একাধিকবার আপত্তি জানিয়েছিল। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ বারবার সময় চেয়ে নিলেও ভাড়ার পূর্ণাঙ্গ হিসাব কেন্দ্রীয় ব্যাংকে জমা দেয়নি।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, মতিঝিলের এই প্রধান কার্যালয় ভবন ব্যাংকের নিজস্ব সম্পত্তি। ভবিষ্যৎ সম্প্রসারণের কথা মাথায় রেখে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে ১৯৮৯ সালে ভবনটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরে ব্যাংকের নিজস্ব প্রয়োজনের অতিরিক্ত জায়গা বিভিন্ন প্রতিষ্ঠানকে ভাড়া দেওয়া হয়।

এরই ধারাবাহিকতায় ২০১২ সালের ৭ ফেব্রুয়ারি ব্যাংকের তৎকালীন পরিচালক ও বর্তমান চেয়ারম্যান আজহারুল ইসলাম এবং ভাইস চেয়ারম্যান ইফতেখারুল ইসলামের স্বার্থসংশ্লিষ্ট পাঁচটি প্রতিষ্ঠানকে ভবনের বিভিন্ন ফ্লোর ভাড়া দেওয়া হয়। পঞ্চম তলায় আছে আফতাব ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেড ও আফতাব গ্রুপের প্রধান কার্যালয়। ষষ্ঠ তলায় রয়েছে সি ট্রেড ফার্টিলাইজার লিমিটেড ও মিলনার্স পাম্পস লিমিটেড। দশম ও একাদশ তলায় ছিল ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স। ব্যাংক কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত অক্টোবরে ডেল্টা লাইফ ভবনটি ছেড়ে দিয়েছে।

নথিপত্র বলছে, ২০১২ সালের ১ জুলাই থেকে কার্যকর ভাড়া চুক্তির মেয়াদ ছিল ২০১৮ সালের ৩০ জুন পর্যন্ত। চুক্তিতে প্রতি দুই বছর অন্তর প্রচলিত বাজারদর বিবেচনায় দুই পক্ষের আলোচনার ভিত্তিতে ভাড়া পুনর্নির্ধারণের বিধান ছিল। এ ছাড়া মাসিক ভাড়ার ওপর সরকার নির্ধারিত ৯ শতাংশ হারে ভ্যাট দেওয়ার শর্তও ছিল।

চুক্তি অনুযায়ী, দুই পক্ষের সম্মতিতে লিজের মেয়াদ নবায়ন করা যেত। এ জন্য মেয়াদ শেষ হওয়ার অন্তত ৬০ দিন আগে ভাড়াটিয়াকে লিখিতভাবে আবেদন করতে হতো। অন্যদিকে মেয়াদ শেষের অন্তত ৩০ দিন আগে নবায়নে সম্মতি বা অসম্মতির বিষয়টি লিখিতভাবে জানানোর বাধ্যবাধকতা ছিল ব্যাংকের। কিন্তু বাংলাদেশ ব্যাংকের পরিদর্শক দল নথি যাচাই করে চুক্তির পরবর্তী সময়ে ভাড়া বাড়ানোর কোনো প্রমাণ পায়নি।

কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শন প্রতিবেদনে বলা হয়েছে, চেয়ারম্যান আজহারুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান ইফতেখারুল ইসলামের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুকূলে ভাড়া দেওয়ার ক্ষেত্রে গুরুতর অনিয়ম ও অবহেলা হয়েছে।

প্রতিবেদনে বিভিন্ন প্রতিষ্ঠানের ভাড়ার তুলনামূলক চিত্রও আছে। আফতাব গ্রুপের প্রতিষ্ঠানগুলো যেখানে প্রতি বর্গফুট ৬৫ টাকায় জায়গা পেয়েছে, সেখানে একই ভবনের ছাদে গ্রামীণফোনের কাছ থেকে নেওয়া হয়েছে প্রতি বর্গফুট ১৫৮ টাকা ৩৩ পয়সা। র‍্যাংকস আইটির কাছ থেকে নেওয়া হয়েছে ২৮০ টাকা, আর এক্স-নেট লিমিটেডের কাছ থেকে ২৫৮ টাকা ৮২ পয়সা।

ভাড়ার এই বৈষম্য নিয়ে ২০১৪ সালের ১৮ জুন উত্তরা ব্যাংকের কাছে ব্যাখ্যা চায় বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন বিভাগ-১। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৪(৫) ধারায় দেওয়া ক্ষমতাবলে ওই বছরের ৩০ জুন এ বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইনের ১০ ধারা অনুযায়ী, নিজস্ব ব্যবহারের জন্য প্রয়োজন নেই—এমন স্থাবর সম্পত্তি কোনো ব্যাংক সাত বছরের বেশি রাখতে পারে না। তবে আমানতকারীদের স্বার্থ বিবেচনায় একই আইনের ১০(২) ধারায় বাংলাদেশ ব্যাংক সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত এ ধরনের সম্পত্তি রাখার সময় বাড়ানোর অনুমতি দিতে পারে।

উত্তরা ব্যাংকের প্রধান কার্যালয়ের কয়েকটি ফ্লোর মোট আটটি প্রতিষ্ঠানকে ভাড়া দেওয়া হয়েছিল। কোনো কোনো ক্ষেত্রে ভাড়ার মেয়াদ সাত বছর পেরিয়ে গেলেও এ জন্য কেন্দ্রীয় ব্যাংকের প্রয়োজনীয় অনুমোদন নেওয়া হয়নি বলে পরিদর্শন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ ২০১৪ সালের ১২ নভেম্বর ভাড়া চুক্তির মেয়াদ পর্যন্ত প্রতিষ্ঠানগুলোকে ভবনে থাকার অনুমতি দিয়েছিল। একই সঙ্গে ভবিষ্যতে কোনো পরিচালককে তাঁর নিজের ব্যবসাপ্রতিষ্ঠানের অনুকূলে ব্যাংকের ভবন ভাড়া না দিতে নির্দেশনাও দেওয়া হয়।

এরপর ২০১৫ সালের ২২ জানুয়ারি উত্তরা ব্যাংকের পক্ষ থেকে আজহারুল ইসলাম ও ইফতেখারুল ইসলামের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে চুক্তির মেয়াদ শেষে ফ্লোর খালি করে দিতে চিঠি দেওয়া হয়। পরে ২০১৮ সালের ১৪ জানুয়ারি, ৭ ফেব্রুয়ারি, ২১ মার্চ ও ২৬ জুন বাংলাদেশ ব্যাংকও মেয়াদ শেষ হওয়া প্রতিষ্ঠানগুলোকে জায়গা ছাড়তে ব্যাংক কর্তৃপক্ষকে চিঠি দেয়।

একাধিকবার তাগাদা দেওয়া হলেও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো জায়গা ছাড়েনি বলে প্রতিবেদনে বলা হয়েছে। চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও তারা ভবন ব্যবহার চালিয়ে যায়। এ নিয়ে ২০১৯ সালে উত্তরা ব্যাংকের পক্ষ থেকে ভাড়াটিয়া প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আদালতে মামলাও করা হয়।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান গণমাধ্যমকে বলেন, আইন অনুযায়ী কোনো ব্যাংক সাধারণ পরিস্থিতিতে নিজস্ব ভবন অন্য প্রতিষ্ঠানকে ভাড়া দিতে পারে না। পরিস্থিতি একেবারে সংকটাপন্ন হলে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে সাময়িকভাবে জায়গা ভাড়া দেওয়া যেতে পারে। তবে পরিস্থিতির উন্নতি হলে সেই জায়গা আর ভাড়া দেওয়ার সুযোগ নেই।

তিনি আরও বলেন, কোনো ব্যাংক এ নিয়ম ভাঙলে ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী তা শাস্তিযোগ্য অপরাধ। বিশেষ করে চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান নিজেদের স্বার্থসংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানকে ব্যাংকের ভবন ভাড়া দিলে তা আইনের সরাসরি লঙ্ঘন। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অমান্য করে প্রতিষ্ঠানগুলো জায়গা না ছাড়লে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

উত্তরা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হাশেম ভবন ভাড়া নিয়ে বিভিন্ন অনিয়মের বিষয়টি স্বীকার করেছেন। তিনি গণমাধ্যমকে বলেন, এ বিষয়ে ব্যাংক কঠোর অবস্থানে আছে। কিছু জায়গা খালি করার জন্য তালা লাগানোর ব্যবস্থাও নেওয়া হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে সব জায়গা খালি করা হবে এবং এ বিষয়ে আর কোনো ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে গত ২ নভেম্বর চেয়ারম্যান আজহারুল ইসলামের কার্যালয়ে যান প্রতিবেদক। তখন তাঁর স্টাফ অফিসার জানান, চেয়ারম্যান কোনো সাংবাদিকের সঙ্গে কথা বলবেন না এবং তিনি ব্যস্ত আছেন। ৮ নভেম্বর আবার গেলে নিরাপত্তাকর্মীরা প্রতিবেদককে ভেতরে ঢুকতে দেননি। পরদিন ৯ নভেম্বর চেয়ারম্যানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেন। কিন্তু প্রতিবেদকের পরিচয় জানার পর সংযোগ কেটে দেন। পরে একই নম্বরের হোয়াটসঅ্যাপে লিখিত বার্তা পাঠানো হলেও গতকাল মঙ্গলবার রাত ১০টা পর্যন্ত তিনি কোনো জবাব দেননি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews