
বাগমারা থানায় নবাগত ডিআইজির পরিদর্শন — আইনশৃঙ্খলা, জনসেবা ও স্বচ্ছতা নিশ্চিতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা
রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, দাপ্তরিক কার্যক্রম ও জনসেবার মান পর্যালোচনা করতে দ্বিবার্ষিক পরিদর্শনে আসেন রাজশাহী রেঞ্জের নবাগত ডিআইজি মো. আশিক সাঈদ। সোমবার (২০ জুলাই) তিনি থানার বিভিন্ন কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে ডিআইজি থানার গুরুত্বপূর্ণ রেজিস্টারসমূহ পরীক্ষা-নিরীক্ষা করেন। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর ভূমিকা পালন, দাপ্তরিক কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের জন্য দ্রুত, মানসম্মত ও জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আক্তার, বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমানসহ থানার অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।
পরিদর্শন শেষে ডিআইজি মো. আশিক সাঈদ বাগমারা থানা প্রাঙ্গণে একটি ফলদ গাছের চারা রোপণ করেন। এ সময় উপস্থিত কর্মকর্তারাও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন, যা পরিবেশ সংরক্ষণে পুলিশের ইতিবাচক উদ্যোগের প্রতিফলন হিসেবে বিবেচিত হয়।
সবশেষে তিনি বাগমারা থানার সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং জনগণের দোরগোড়ায় আরও দ্রুত, স্বচ্ছ ও মানসম্মত পুলিশি সেবা পৌঁছে দিতে দায়িত্বশীলতা, সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।