
“মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স”— কঠোর অবস্থানের বার্তা দিলেন বান্দরবান জেলা পুলিশ সুপার
লামা(বান্দরবান) প্রতিনিধি | দৈনিক প্রভাতি বাংলাদেশ
মাদক নির্মূলে “জিরো টলারেন্স” নীতির কথা পুনর্ব্যক্ত করেছেন বান্দরবান জেলা পুলিশ সুপার মোঃ ওহাবুল ইসলাম খন্দকার। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে কোনো ধরনের আপস করা হবে না। মাদক ব্যবসায়ী, কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে। একই সঙ্গে একটি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সর্বস্তরের জনগণকে সচেতন ও সক্রিয় ভূমিকা রাখতে হবে।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পুলিশ সুপার মোঃ ওহাবুল ইসলাম খন্দকার, লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), লামা পৌরসভার সাবেক মেয়র ও বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমির হোসেন আমুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তব্য রাখেন লামা উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি জনাব ফখরুজ্জামান। তিনি মাদকের ভয়াবহ সামাজিক ও পারিবারিক ক্ষতির দিক তুলে ধরে বলেন, মাদকের বিরুদ্ধে শুধু প্রশাসনের অভিযানই যথেষ্ট নয়; পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সমাজের সকল স্তরের মানুষকে একযোগে সচেতনতা সৃষ্টি ও প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে কঠোর নজরদারি, জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ জোরদারের আহ্বান জানান।
বক্তারা বলেন, মাদকমুক্ত বান্দরবান গড়ে তুলতে প্রশাসন ও জনসাধারণের সমন্বিত উদ্যোগই হতে পারে সবচেয়ে কার্যকর পথ। এ লক্ষ্যে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
#বান্দরবান #বান্দরবানজেলাপুলিশ #বান্দরবানসংবাদ #মাদকের_বিরুদ্ধে_জিরো_টলারেন্স #লামা #মাদকমুক্ত_সমাজ