
বাজেট সংকটে বন্ধ ধূরুয়া ডি.এস. দাখিল মাদ্রাসার ভবন নির্মাণ
চরম দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী, দ্রুত কাজ শেষের দাবি
এ.টি.এম. হুমায়ুন কাদির
নান্দাইল প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইল উপজেলার ধূরুয়া ডি.এস. দাখিল মাদ্রাসার নতুন একাডেমিক ভবনের নির্মাণকাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় শিক্ষক-শিক্ষার্থী চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। শ্রেণিকক্ষ সংকটের কারণে প্রতিকূল পরিবেশে পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে।
জানা গেছে, ২০২৪ সালের ডিসেম্বর মাসে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে ভবন নির্মাণকাজ শুরু হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান ভবনের ছাদ পর্যন্ত নির্মাণকাজ সম্পন্ন করার পর বরাদ্দের অভাবের কথা জানিয়ে কাজ বন্ধ করে দেয়। এরপর দীর্ঘ সময় অতিবাহিত হলেও নির্মাণকাজ পুনরায় শুরু হয়নি।
বর্তমানে শ্রেণিকক্ষের সংকটের কারণে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। তবুও শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্টায় শিক্ষার্থীরা প্রতিকূল পরিবেশে নিয়মিত বিকেল ৪টা পর্যন্ত পাঠগ্রহণ করছে। কিন্তু অসমাপ্ত ভবনের কারণে শিক্ষা কার্যক্রমে নানা ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে।
মাদ্রাসা কর্তৃপক্ষ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর দাবি, দ্রুত প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিয়ে ভবন নির্মাণকাজ পুনরায় শুরু করে অল্প সময়ের মধ্যে সম্পন্ন করা হোক। তাদের মতে, ভবনটির কাজ শেষ হলে শিক্ষার্থীরা নিরাপদ, মনোরম ও আধুনিক পরিবেশে পাঠগ্রহণের সুযোগ পাবে এবং শিক্ষার মান আরও উন্নত হবে।
এলাকাবাসী ধূরুয়া ডি.এস. দাখিল মাদ্রাসার অসমাপ্ত ভবন নির্মাণকাজ দ্রুত সম্পন্নের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য মাননীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর সদয় সুদৃষ্টি কামনা করেছেন। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানিয়েছেন তারা।