
কেমিক্যাল ড্রাম বিস্ফোরণে প্রাণ গেল শিশু শ্রমিকের
উজ্জ্বল মন্ডল
কালকিনি, মাদারীপুর।
মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর এলাকায় একটি গ্যারেজে কাজ করার সময় কেমিক্যালযুক্ত ড্রাম বিস্ফোরণে নীরব শরীফ (১৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত নীরব শরীফ ডাসার উপজেলার পশ্চিম বনগ্রাম এলাকার হানিফ শরীফের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্যারেজে একটি ব্যবহৃত কেমিক্যাল ড্রামে কাজ করার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে নীরব গুরুতর দগ্ধ হয়। পরে স্থানীয়রা দ্রুত তাকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিশেষজ্ঞদের মতে, শিল্পকারখানায় ব্যবহৃত বিভিন্ন রাসায়নিকের ড্রামে তরল পদার্থ ফুরিয়ে গেলেও ভেতরে দাহ্য গ্যাস বা বাষ্প থেকে যেতে পারে। এসব ড্রাম যথাযথভাবে পরিষ্কার ও গ্যাসমুক্ত না করে কাটিং, ওয়েল্ডিং বা আগুনের সংস্পর্শে আনলে মুহূর্তেই ভয়াবহ বিস্ফোরণ ঘটতে পারে। এ কারণে ব্যবহৃত কেমিক্যাল ড্রাম কাটার আগে নির্ধারিত নিরাপত্তাবিধি অনুসরণ করা অত্যন্ত জরুরি।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ ও গ্যারেজে নিরাপত্তাব্যবস্থা ছিল কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।