
ঐক্যের রাজনীতিতেই কল্যাণরাষ্ট্র সম্ভব জুলাই সনদ বাস্তবায়নের দাবি মুন্সীগঞ্জে ১১ দলীয় ঐক্যজোটের সমাবেশ
আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে গণভোটের রায় ও জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবিতে মুন্সীগঞ্জে গণসমাবেশ ও মিছিল করেছে ১১ দলীয় ঐক্যজোট।বুধবার বিকেলে মুন্সীগঞ্জ সদর এলাকায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে জোটভুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন।সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস বলেন,বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও জনকল্যাণভিত্তিক রাষ্ট্র গঠনে জনগণের ঐক্য,নৈতিক নেতৃত্ব এবং জবাবদিহিমূলক রাজনীতির কোনো বিকল্প নেই।
তিনি বলেন,দেশের জনগণ একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণরাষ্ট্র প্রত্যাশা করে।সে লক্ষ্য অর্জনে সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মুন্সীগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি এ.কে.এম. ফখরুদ্দিন রাজীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন এনসিপির জেলা আহ্বায়ক মো:মাজেদুল ইসলাম।তিনি রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা,সহনশীলতা এবং দায়িত্বশীল রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।এছাড়া বক্তব্য দেন এনসিপির জেলা যুগ্ম আহ্বায়ক গাজী আব্দুল আলিম,জামায়াতের জেলা নায়েবে আমির মাওলানা নুরুল হক পাটোয়ারী,খেলাফত মজলিসের মুফতি সিদ্দিকুর রহমান,এনসিপির মারুফ হাসান মন্টিসহ স্থানীয় নেতৃবৃন্দ।বক্তারা বলেন,দেশের রাজনৈতিক স্থিতিশীলতা,সুশাসন এবং জনগণের প্রত্যাশা পূরণে জুলাই সনদ বাস্তবায়ন সময়ের দাবি।
তারা গণভোটের রায়ের প্রতি সম্মান জানিয়ে দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।সমাবেশে বক্তারা জাতীয় স্বার্থে বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
তাদের মতে,জনগণের অংশগ্রহণমূলক রাজনীতি এবং নৈতিক নেতৃত্বই একটি টেকসই কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার পথ সুগম করতে পারে।শেষে জুলাই সনদ ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে উপস্থিত নেতাকর্মীরা ঐক্যবদ্ধ আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।