
সাপাহারে প্রাথমিক শিক্ষকদের সঙ্গে এমপির মতবিনিময়
মানসম্মত শিক্ষা নিশ্চিতে নানা বিষয়ে আলোচনা
মোঃ হামিদুর রহমান, ভ্রাম্যমাণ (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর সাপাহারে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত ও সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে স্থানীয় সংসদ সদস্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে সাপাহার উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান।
বাদ দমদমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকারিয়া আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ ও জেলা শিক্ষা অফিসার সায়েদুল ইসলাম।
এ সময় সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার ওহেদুল্লাহ প্রামানিক, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু), সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক মোকলেছুর রহমান মুকুলসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেন। সভায় মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ, বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের পাঠদানে আরও কার্যকর ভূমিকা পালন এবং প্রাথমিক শিক্ষার সার্বিক মানোন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।
সভায় বক্তারা বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের আন্তরিকতা ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের জন্য সুন্দর ও আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি নিয়মিত পাঠদান ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করা হয়।
এর আগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।