
টেকনাফে ৭০ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক
মোহাম্মদ রায়হান ইসলাম উপজেলা প্রতিনিধি টেকনাফ
কক্সবাজারের টেকনাফে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোহাম্মদ আলী ও মোহাম্মদ আমিন নামে দুইজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ১৭ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে টেকনাফ মডেল থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য, অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের লক্ষ্যে অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গমছাড়া এলাকায় ইউনুছের বাড়িতে বিপুল পরিমাণ ইয়াবা মজুদের খবর পেয়ে পুলিশ অভিযান চালায়।
অভিযানকারী দল স্থানীয় গ্রাম পুলিশ ও সাক্ষীদের সহায়তায় ১৮ আগস্ট ২০২৬ রাত আনুমানিক ১২টা ৫৫ মিনিটে ওই বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মোহাম্মদ আলী পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী ব্যবহৃত খাটের নিচ থেকে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ২ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
পরবর্তীতে তার দেওয়া তথ্যমতে একই বাড়ির অন্য পাশের একটি কক্ষে অভিযান চালিয়ে মোহাম্মদ আমিনকে আটক করা হয়। তার ব্যবহৃত খাটের নিচ থেকে আরও ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ নিয়ে সর্বমোট ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সাক্ষীদের উপস্থিতিতে জব্দতালিকামূলে জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুইজন দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে টেকনাফের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজার জেলাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল বলে পুলিশকে জানিয়েছে।
আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।