
হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা
আমজাদ হোসেন মিঠু,
বিশেষ প্রতিনিধি,
শ্রীনগর (মুন্সীগঞ্জ):
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ঐতিহ্যবাহী হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক, ড্যাব-এর আজীবন সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) সদস্য ডাঃ আনজুমান আরা। তিনি বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রক্টর প্রফেসর ডাঃ শেখ ফরহাদের সহধর্মিণী।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।
নতুন এই দায়িত্ব অর্পণে অত্র প্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলী, অভিভাবক ও এলাকার সুধীজনদের পক্ষ থেকে শিক্ষা বোর্ডসহ সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। একই প্রজ্ঞাপনে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আইয়ুব খানকে শিক্ষক প্রতিনিধি হিসেবে নির্বাচিত করা হয়েছে।
এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি ডাঃ আনজুমান আরা জানান, “বিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন ও শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে আমি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রাখতে এবং শিক্ষার্থীদের পড়াশোনার সুন্দর পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সুধীজনদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করাই আমার মূল লক্ষ্য।”