
মাধবপাশায় প্রতিবেশী সংক্রান্ত বিরোধে হাতাহাতি ও হামলা, দুই পক্ষের হাসপাতালে ভর্তি
বাবুগঞ্জ প্রতিনিধি : জলিল বরিশাল
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) এয়ারপোর্ট থানাধীন মধ্য-পাংশা এলাকায় এক অসহায় নারীকে প্রতিনিয়ত ভয়ভীতি প্রদর্শন, বসতবাড়িতে হামলা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তার প্রতিবেশীর বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী নারী মোসাঃ মুন্নি বেগম বাদি হয়ে স্থানীয় ৪ জনের নাম উল্লেখ করে এয়ারপোর্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও সরজমিন অনুসন্ধানে জানা যায়, বরিশালে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মধ্য-পাংশা এলাকার মৃত আঃ মান্নান মোল্লার মেয়ে মুন্নি বেগমের সাথে তার প্রতিবেশী আনোয়ার মোল্লা ও তার ছেলেদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে আজ ২০ আগস্ট সকাল আনুমানিক ৭:০০ ঘটিকার সময় বিবাদী ১. মোঃ আল আমিন মোল্লা (৩৩), ২. মোঃ সুজন মোল্লা (২০), ৩. আনোয়ার মোল্লা (৫৫) এবং ৪. মোসাঃ রিনা বেগম (৪৫) একজোট হয়ে মুন্নি বেগমের বসতবাড়িতে চড়াও হয়।
প্রতিবেদক সরজমিনে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় একাধিক প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনার দিন বিবাদীরা তর্কে জড়িয়ে মুন্নি বেগমকে মিথ্যা অপবাদে গালিগালাজ করে। একপর্যায়ে তারা বসতঘর ভাঙচুর করে, ইট-পাটকেল নিক্ষেপ করে এবং ঘরবাড়ি উচ্ছেদসহ প্রাণনাশের হুমকি দেয়। বিবাদীদের দাপট ও ক্রমাগত হুমকিতে বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী পরিবারটি।
ঘটনার বিষয়ে জানতে চাইলে ভুক্তভোগী মুন্নি বেগম বলেন, আমার ভাই না থাকায় এবং বাবার বাড়িতেই ছেলেমেয়ে নিয়ে বসবাস করছি, দীর্ঘদিন ধরে আমাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও ক্ষয়ক্ষতি করে আসছে। ঘটনার দিন তারা অন্যায়ভাবে আমার ওপর চড়াও হয়ে বসতঘরে হামলা চালায় ও আমাকে খুন-জখমের হুমকি দেয়। আমি এর উপযুক্ত বিচার ও আইনি প্রতিকার চাই।”
অপরদিকে অভিযুক্তরা দাবি করেন, তাদেরকে ব্যক্তিগত গালগল্পের মধ্যে এসে তারা হুমকি দিলে তর্কে তর্কে ঝগরার সৃষ্টি হয়।
এতে উভয় পক্ষের লোক আহত হন এবং হাসপাতালে ভর্তি হন।
এ বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।