
শ্রীনগরে ট্রমা সেন্টার নির্মাণের পরও চালু হয়নি পরিত্যক্ত ভবনে চুরি এবং মাদকের আড্ডার অভিযোগ স্থানীয়দের
আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোল্লোঘরে নির্মিত ট্রমা সেন্টারটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে।
ষোল্লোঘর সরকারি হাসপাতালের একেবারে কাছেই নির্মিত হলেও এখন পর্যন্ত চালু হয়নি গুরুত্বপূর্ণ এ চিকিৎসাকেন্দ্রটি।ভবন নির্মাণের পর একাধিকবার ট্রমা সেন্টারটি চালুর উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি।সম্প্রতি ভবনটির রং করা হলেও এরপরও চালুর বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি।ফলে চিকিৎসাসেবা দেওয়ার কথা থাকলেও বছরের পর বছর অব্যবহৃত পড়ে রয়েছে ভবনটি।স্থানীয়দের অভিযোগ,দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় ভবনটি এখন অনেকটাই অরক্ষিত হয়ে পড়েছে।ট্রমা সেন্টারের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা মো:আল আমিন জানান,এখানে কয়েকবার চুরির ঘটনা ঘটেছে।
ভবনের ভেতর থেকে কী পরিমাণ মালামাল চুরি হয়েছে, সে বিষয়ে তিনি নিশ্চিতভাবে কিছু জানেন না বলে জানান।চুরির ঘটনার পর থেকে তিনি সেখানে দেখাশোনার দায়িত্ব পালন করছেন।এদিকে স্থানীয়দের মধ্যে আলোচনা রয়েছে,পরিত্যক্ত ভবনটিতে একসময় মাদকের আড্ডাও বসত।তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দারা জানান,ট্রমা সেন্টারটি নির্মাণের পর থেকেই দীর্ঘ সময় ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে।তাদের অভিযোগ,এতদিনেও চিকিৎসাকেন্দ্রটি চালু না হওয়ায় সরকারি অর্থের বিনিয়োগের সুফল পাচ্ছেন না সাধারণ মানুষ।বিশেষ করে সড়ক দুর্ঘটনায় আহত রোগীদের দ্রুত চিকিৎসার জন্য এ ধরনের ট্রমা সেন্টারের প্রয়োজনীয়তা রয়েছে।স্থানীয়দের মতে,ষোল্লোঘর এলাকায় ট্রমা সেন্টারটি চালু হলে আশপাশের কয়েকটি এলাকার মানুষ উপকৃত হবেন।
জরুরি চিকিৎসার জন্য তাদের আর কষ্ট করে দূরবর্তী হাসপাতাল কিংবা ঢাকায় ছুটতে হবে না।একজন স্থানীয় বাসিন্দা বলেন,ভবন তৈরি করে বছরের পর বছর ফেলে রাখার কোনো যৌক্তিকতা নেই।দ্রুত প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করে ট্রমা সেন্টারটি চালুর দাবি জানান তিনি।স্থানীয়দের প্রত্যাশা,সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে দ্রুত কার্যকর উদ্যোগ নেবে।
একই সঙ্গে পরিত্যক্ত অবস্থায় থাকা ভবনটির নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ জোরদারেরও দাবি জানিয়েছেন তারা।
এতে সরকারি সম্পদ রক্ষা করার পাশাপাশি স্থানীয় মানুষের দীর্ঘদিনের চিকিৎসাসংকটও কিছুটা কমবে বলে মনে করছেন তারা।অন্যদিকে ট্রমা সেন্টারটি কবে নাগাদ চালু হবে,সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুনির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি।স্থানীয়দের দাবি,শুধু ভবন রং করে নয়,প্রয়োজনীয় চিকিৎসক,নার্স,সরঞ্জাম ও অন্যান্য জনবল নিয়োগ করে সেবাটি চালু করতে হবে।দ্রুত ট্রমা সেন্টারটি চালুর মাধ্যমে দীর্ঘদিনের ভোগান্তির অবসান চান ষোল্লোঘরসহ আশপাশের এলাকার বাসিন্দারা।