
শেখপাড়া-মধ্যপাড়ার দ্বন্দ্বে উত্তপ্ত শিমুলিয়া মুকুল মঙ্গল ক্লাবের মাঠ
আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের পূর্ব শিমুলিয়ায় খেলাধুলার মাঠ ব্যবহার নিয়ে শেখপাড়া ও মধ্যপাড়ার তরুণদের মধ্যে বিরোধ দেখা দিয়েছে শিমুলিয়া মুকুল মঙ্গল ক্লাবের মাঠে খেলাধুলাকে কেন্দ্র করে কয়েক দিন ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।স্থানীয় সূত্র জানায়,মাঠে খেলার সময় ও ব্যবহারের অধিকার নিয়ে মূলত এ বিরোধের সূত্রপাত।মধ্যপাড়ার কয়েকজন খেলোয়াড়ের অভিযোগ,ক্লাব সভাপতি মো:জিয়াউল ইসলাম মাসুদসহ কমিটির কয়েকজন সদস্য তাদের মাঠে খেলতে বাধা দিচ্ছেন।তাদের দাবি,মাঠটি শেখপাড়ার ছেলেদের জন্য নির্ধারিত এমন বক্তব্য দিয়ে অন্য এলাকার খেলোয়াড়দের নিরুৎসাহিত করা হচ্ছে।এ ঘটনায় তারা ক্লাব সভাপতি ও কয়েকজন সদস্যের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলেছেন।তবে এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন শিমুলিয়া মুকুল মঙ্গল ক্লাবের সভাপতি মো:জিয়াউল ইসলাম মাসুদ।
তিনি বলেন,কাউকে মাঠে খেলতে নিষেধ করা হয়নি এবং সবার খেলাধুলার অধিকার রয়েছে।বরং শেখপাড়ার খেলোয়াড়দের অভিযোগ,মধ্যপাড়ার খেলোয়াড়রা তাদের মাঠে খেলতে দিচ্ছেন না বলে দাবি করেন তিনি।বিরোধ নিরসনে দুই পক্ষকে মিলেমিশে খেলাধুলার জন্য একাধিকবার অনুরোধ করেছেন বলেও জানান ক্লাব সভাপতি।তবে তার উদ্যোগে এখনো কাঙ্ক্ষিত সমাধান হয়নি বলে জানান তিনি।অন্যদিকে শেখপাড়ার খেলোয়াড়রা ক্লাব সভাপতি ও কমিটির বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন।তাদের অভিযোগ,নিজেদের এলাকার মাঠ হলেও কয়েক দিন ধরে তারাও নিয়মিত খেলতে পারছেন না।মধ্যপাড়ার খেলোয়াড়দের সঙ্গে একসঙ্গে খেলাধুলার প্রস্তাব দেওয়া হলেও তারা রাজি হননি বলে দাবি করেন শেখপাড়ার খেলোয়াড়রা।মাঠে খেলার সময় নির্ধারণ ও ব্যবহারের নিয়ম নিয়েও দুই পক্ষের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে।ফলে তরুণদের খেলাধুলার প্রাণবন্ত পরিবেশের পরিবর্তে মাঠে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
ক্লাব কমিটির সদস্যরা বলছেন,মাঠটি কোনো নির্দিষ্ট এলাকার একক সম্পত্তি নয় সবার খেলাধুলার সুযোগ থাকা উচিত।ক্লাবের সাধারণ সম্পাদক মো:সুরুজ শেখসহ কমিটির নেতারা আলোচনার মাধ্যমে বিরোধ মীমাংসার ওপর গুরুত্ব দিয়েছেন।তাদের মতে,দুই পক্ষের সঙ্গে আলোচনা করে মাঠ ব্যবহারের একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নিয়ম করা প্রয়োজন।স্থানীয় বাসিন্দারাও দ্রুত বিরোধ নিরসনে ক্লাব কমিটি ও এলাকার প্রবীণদের উদ্যোগ কামনা করেছেন।তাদের প্রত্যাশা,আলোচনার মাধ্যমে বিরোধের অবসান ঘটিয়ে মাঠে আবারও শান্তিপূর্ণ খেলাধুলার পরিবেশ ফিরবে।স্থানীয়দের ভাষ্য,খেলাধুলার মাঠ কোনো বিভেদের কারণ নয়,বরং তরুণদের সম্প্রীতি ও সৌহার্দ্য গড়ে তোলার স্থান হওয়া উচিত।