
হাতীবান্ধায় সিনিয়র সহকারী শিক্ষক সাইফুল ইসলামের অবসরজনিত বিদায় সংবর্ধনা
মোঃ শরীফ উদ্দিন মোল্লা জেলা প্রতিনিধি লালমনিরহাট
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গুড্ডিমারী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. সাইফুল ইসলামের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আতাউর রহমান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অভিভাবক, শিক্ষক-কর্মচারী এবং বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সহকর্মী ও শিক্ষার্থীরা দীর্ঘদিনের কর্মজীবনে শিক্ষক মো. সাইফুল ইসলামের অবদান ও স্মৃতিচারণ করেন। তারা তাঁর নিষ্ঠা, সততা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতার কথা তুলে ধরেন।
বিদায়ী শিক্ষক মো. সাইফুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, দীর্ঘ চাকরিজীবনে তিনি সততা, ন্যায়-নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে নিজের ওপর অর্পিত দায়িত্ব পালন করার চেষ্টা করেছেন। কর্মজীবনের বিভিন্ন স্মৃতি তুলে ধরে তিনি সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক ও বিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানের শেষপর্বে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির পক্ষ থেকে বিদায়ী শিক্ষককে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
দীর্ঘ কর্মজীবন শেষে প্রিয় শিক্ষককে বিদায় জানাতে গিয়ে অনেক শিক্ষক ও শিক্ষার্থী আবেগাপ্লুত হয়ে পড়েন। তাঁর অবসরজীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক—এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত সবাই।
।