
সাপাহারে অবৈধ বিদ্যুৎ সংযোগ উচ্ছেদে পল্লী বিদ্যুতের রাতের অভিযান
মোঃ হামিদুর রহমান, ভ্রাম্যমাণ (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর সাপাহারে অবৈধ বিদ্যুৎ সংযোগ উচ্ছেদ ও বিদ্যুৎ চুরি প্রতিরোধে রাতের আঁধারে অভিযান পরিচালনা করেছে নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সাপাহার জোনাল অফিস।
১১ সেপ্টেম্বর রাত ১২টার দিকে উপজেলার ৪ নম্বর দিবর ইউনিয়নের উমরপুর গ্রামে এ রাত্রীকালীন অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সাপাহার জোনাল অফিসের ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম। এ সময় তাঁর সঙ্গে ছিলেন লাইনম্যান আব্দুল হাকিম ও লাইনম্যান শাজাহানসহ সাপাহার জোনাল অফিসের সংশ্লিষ্ট কর্মচারীরা।
অভিযানকালে এলাকায় অবৈধভাবে নেওয়া বিদ্যুৎ সংযোগ শনাক্ত করে তা বিচ্ছিন্ন ও উচ্ছেদ করা হয়। একই সঙ্গে অবৈধ সংযোগের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহারের বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।
পল্লী বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ গ্রহণ ও ব্যবহার বন্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। বিদ্যুৎ চুরি রোধ, বিদ্যুৎ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং বৈধ গ্রাহকদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, রাতের বেলায় এ ধরনের অভিযান পরিচালনার ফলে অবৈধ বিদ্যুৎ সংযোগকারীদের মধ্যে সতর্কতা তৈরি হবে। পাশাপাশি বিদ্যুৎ চুরি নিয়ন্ত্রণেও এ উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলে তারা মনে করেন।
পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বৈধ প্রক্রিয়ায় বিদ্যুৎ সংযোগ গ্রহণ এবং কোনো ধরনের অবৈধ সংযোগ ব্যবহার না করার জন্য গ্রাহকদের প্রতি আহ্বান জানিয়েছে।