
আবু সায়েম (সাগর) লক্ষীপুর।
এইচএসসি পরীক্ষার ফল বিপর্যয়ের কারণে লক্ষ্মীপুরের কমলনগরে ভূমিকা রানী দাস (১৮) নামের এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে ফলাফল প্রকাশের পরপরই নিজ বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ভূমিকা কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের করুনানগর বাজারসংলগ্ন শশী ভক্তের বাড়ির রঞ্জিত চন্দ্র দাসের মেয়ে। ভুমিকা স্থানীয় হাজিরহাট উপকূল সরকারি কলেজ থেকে মানবিক বিভাগে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রকাশিত ফলে কেবল তথ্যপ্রযুক্তি বিষয়ে অকৃতকার্য হন ভূমিকা। সহপাঠী ও আশপাশের সবাই পাস করলেও নিজের কাঙ্ক্ষিত ফলাফল না আসায় অভিমান ও মানসিক ক্ষোভে তিনি এই চরম পথটি বেছে নেন। নিজ ঘরের ভেতর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ভুমিকা।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য দিলীপ চন্দ্র দাস জানান, পড়ালেখায় বেশ মেধাবী ছিলেন ভূমিকা। তার বন্ধুরা সবাই পাস করলেও নিজে পাস করতে না পারার বিষয়টি তিনি কিছুতেই মেনে নিতে পারেননি। এই ক্ষোভ থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নেন।
এদিকে, হাজিরহাট উপকূল সরকারি কলেজের অধ্যক্ষ মুহাম্মাদ মাহবুবে এলাহি সানী জানান, কলেজের এক শিক্ষার্থীর আত্মহত্যার দুঃখজনক খবরটি তাঁরা শুনেছেন।