
অবশেষে আটক শিক্ষক রাজন হামলা মামলার প্রধান আসামি
উজ্জ্বল মন্ডল
কালকিনি, মাদারীপুর।
মাদারীপুরের কালকিনিতে প্রাথমিক শিক্ষক রাজনের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মিলন মোল্লাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
রবিবার (১৯ জুলাই) র্যাব-৮ ও কালকিনি থানা পুলিশের যৌথ অভিযানে ঢাকার একটি এলাকা থেকে পলাতক অবস্থায় আটক হয় শিক্ষক রাজন হত্যা চেষ্টা মামলার প্রধান অভিযুক্ত মিলন মোল্লা।
জানা গেছে, কালকিনি পৌরসভার দক্ষিণ রাজদী গ্রামের বাসিন্দা শিক্ষক রাজনের ওপর হামলার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, সুধীজন ও এলাকাবাসী মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসারের বরাবর স্মারকলিপি প্রদান করেন। ওই মানববন্ধন থেকে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছিল।
এরই ধারাবাহিকতায় যৌথ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মিলন মোল্লাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব-৮ ও কালকিনি থানা পুলিশ।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রেপ্তারের পর তাকে আইনি প্রক্রিয়ার আওতায় এনে আদালতে সোপর্দ করা হবে এবং মামলার পরবর্তী কার্যক্রম আইনানুগভাবে পরিচালনা করা হবে।
এদিকে প্রধান আসামি গ্রেপ্তারের খবরে স্বস্তি প্রকাশ করেছেন ভুক্তভোগী শিক্ষক রাজনের পরিবার ও স্থানীয় বাসিন্দারা। তারা হামলার সঙ্গে জড়িত অন্য আসামিদেরও দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।