
গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে ওয়ান চাইল্ড বৃক্ষরোপণ অনুষ্ঠিত
গাইবান্ধা প্রতিনিধি :
মো:মিজানুর রহমান বাবু
২৫ জুলাই গাইবান্ধা পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ বাস্তবায়নে শনিবার গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ করেন গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার।
‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীর অংশগ্রহণে বৃক্ষরোপণকে উৎসাহিত করা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার বার্তা তুলে ধরা হয়।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। তাই প্রত্যেক শিক্ষার্থীর অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
কর্মসূচি শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।