
মোঃ ইমরান হক
গাজীপুরের জয়দেবপুর থানা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে একটি কালো রঙের স্যুটকেসের ভেতর থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় জয়দেবপুর থানার ভবানীপুর ফকিরা গার্মেন্টস সংলগ্ন এলাকায় আবুল কাশেমের বহুতল ভবনের পাশে একটি কালভার্টের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, কালভার্টের নিচে একটি কালো রঙের স্যুটকেস পড়ে থাকতে দেখে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্যুটকেসটি খুলে অজ্ঞাত এক নারীর মরদেহের অর্ধেক অংশ উদ্ধার করে।
মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে আশপাশের এলাকার হাজারো মানুষ ভিড় করেন। এ সময় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। একই সঙ্গে ঘটনাটি কীভাবে ঘটেছে এবং কারা মরদেহটি সেখানে ফেলে গেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার বিস্তারিত এবং নিহত নারীর পরিচয় শনাক্ত হলে পরবর্তী সময়ে আরও তথ্য জানা যাবে।