
টেকনাফে মায়ানমারে পাচারের প্রাক্কালে ৫৩ বস্তা সার ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ
মোহাম্মদ রায়হান ইসলাম উপজেলা প্রতিনিধি টেকনাফ
কক্সবাজারের টেকনাফে মায়ানমারে পাচারের প্রাক্কালে মালিকবিহীন অবস্থায় ৫৩ বস্তা সারসহ একটি ইঞ্জিনচালিত সাম্পান নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান ও অবৈধ পণ্য পাচার প্রতিরোধে সীমান্তবর্তী এলাকায় সার্বক্ষণিক নজরদারি ও অভিযান পরিচালনা করে আসছে তারা। এরই ধারাবাহিকতায় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীনস্থ সাবরাং বিওপি’র রাডার নজরদারির মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
গত ২০ আগস্ট ২০২৬ তারিখ রাত আনুমানিক ১১টার দিকে সাবরাং বিওপিতে স্থাপিত রাডারের মাধ্যমে দায়িত্বপূর্ণ নাফ নদীতে একটি সন্দেহজনক নৌযানের গতিবিধি শনাক্ত করা হয়। পরে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়কের পরিকল্পনা ও নির্দেশনায় সাবরাং বিওপি’র একটি আভিযানিক দল তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে সাবরাং বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার ওবিএম পোস্ট সংলগ্ন নাফ নদীতে তল্লাশি চালিয়ে মায়ানমারে পাচারের প্রাক্কালে মালিকবিহীন অবস্থায় ৫৩ বস্তা সারসহ একটি ইঞ্জিনচালিত সাম্পান নৌকা জব্দ করা হয়।
বিজিবি আরও জানায়, সীমান্তে চোরাচালান প্রতিরোধে টেকনাফ ব্যাটালিয়ন প্রচলিত টহল ও গোয়েন্দা নজরদারির পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও রাডার নজরদারি ব্যবস্থার মাধ্যমে নাফ নদীতে সন্দেহজনক নৌযান ও চোরাচালান কার্যক্রম শনাক্তে সার্বক্ষণিক তৎপর রয়েছে।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক বলেন, “বাংলাদেশ হতে মায়ানমারে অবৈধ পণ্য পাচার এবং মায়ানমার হতে বাংলাদেশে মাদক ও অন্যান্য চোরাচালানি পণ্য প্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্তে আধুনিক প্রযুক্তির ব্যবহার, গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে। টেকনাফ ব্যাটালিয়নের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
জব্দকৃত সার ও ইঞ্জিনচালিত সাম্পান নৌকার বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।