
নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে মোবাইল কোর্ট: ৩ লাখ ৬০ হাজার টাকা জরিমানা
শিবপুর ( নরসিংদী) প্রতিনিধি:
মোঃইকবাল হোসেন,
নরসিংদী সদর উপজেলার চিনিশপুর এবং মাধবদী থানার পাইকারচর এলাকায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযানে তিনটি মামলায় মোট ৩ লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশক্রমে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের দিকনির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, চিনিশপুর ও পাইকারচর এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাস সংযোগ ব্যবহার করে সরকারি রাজস্ব ক্ষতির অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানের সময় অবৈধ গ্যাস সংযোগের প্রমাণ পাওয়ায় বাংলাদেশ গ্যাস আইন, ২০১০ অনুযায়ী তিনটি মামলা দায়ের করা হয় এবং সংশ্লিষ্টদের কাছ থেকে মোট ৩ লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জেলা প্রশাসন জানিয়েছে, সরকারি সম্পদের অপব্যবহার এবং অবৈধ গ্যাস সংযোগের মাধ্যমে রাজস্ব ক্ষতি প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযানের সারসংক্ষেপ:
অভিযানস্থল: চিনিশপুর ও পাইকারচর, নরসিংদী
মামলা: ৩টি
আদায়কৃত জরিমানা: ৩,৬০,০০০ টাকা
আইন: বাংলাদেশ গ্যাস আইন, ২০১০
জেলা প্রশাসনের পক্ষ থেকে অবৈধ গ্যাস সংযোগ গ্রহণ থেকে বিরত থাকার জন্য সকলকে আহ্বান জানানো হয়েছে।