
নান্দাইল সমূর্ত্ত জাহান মহিলা ডিগ্রি কলেজে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
এ.টি.এম. হুমায়ুন কাদির
নান্দাইল প্রতিনিধি
(ময়মনসিংহ):
ময়মনসিংহের নান্দাইলে সমূর্ত্ত জাহান মহিলা ডিগ্রি কলেজে উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষকদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব ও সমূর্ত্ত জাহান মহিলা ডিগ্রি কলেজের সভাপতি এনামুল কাদির।
সভায় কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি, ছাত্রীদের সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ, শিক্ষকদের পাঠদানের মানোন্নয়ন, আধুনিক ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা তাঁদের বাস্তব অভিজ্ঞতা ও মূল্যবান মতামত তুলে ধরে বলেন, সভাপতি এনামুল কাদিরের আন্তরিক নেতৃত্ব ও সঠিক দিকনির্দেশনায় সমূর্ত্ত জাহান মহিলা ডিগ্রি কলেজ ভবিষ্যতে ময়মনসিংহ বিভাগের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রতিষ্ঠানের বর্তমান অবস্থা, বিভিন্ন অবকাঠামোগত প্রয়োজন ও উন্নয়নের দাবিগুলো তুলে ধরেন। জবাবে সভাপতি এনামুল কাদির বলেন, কলেজের বিভিন্ন দাবি ও উন্নয়ন পরিকল্পনা তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী-এর সঙ্গে আলোচনা করা হবে। তাঁর সহযোগিতায় পর্যায়ক্রমে কলেজের বিভিন্ন সমস্যার সমাধান ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়াও কলেজের প্রতিষ্ঠাতার সুযোগ্য সন্তান তালহা শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন, শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং একটি দক্ষ, মানবিক ও আলোকিত প্রজন্ম গড়ে তুলতে এ ধরনের মতবিনিময় সভা অত্যন্ত সময়োপযোগী ও ফলপ্রসূ উদ্যোগ। তাঁরা নান্দাইলের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।