
ফুলবাড়ীয়ায় পৃথক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ জনের কারাদণ্ড
মোঃ মাহবুবুল আলম বিভাগীয় ব্যুরো ময়মনসিংহ
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মা’দ’ক সেবনের দায়ে তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শুক্রবার (৩১ জুলাই) রাতে ফুলবাড়ীয়া পৌরসভা এলাকায় নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের বিরক্তির কারণ হওয়ায় দুইজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে পাঁচ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। রায় কার্যকর করে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে শনিবার (১ আগস্ট) সকালে উপজেলার কালাদহ এলাকায় পরিচালিত পৃথক আরেকটি অভিযানে মা’দ’ক সেবনের দায়ে আরও একজনকে তিন মাসের কারাদণ্ড এবং ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরবর্তীতে তাকেও কারাগারে প্রেরণ করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম সোহাগ। তিনি জানান, মাদকমুক্ত সমাজ গঠনে জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত অভিযান পরিচালনা করা হলে মাদকসেবন ও সংশ্লিষ্ট অপরাধ অনেকাংশে কমে আসবে বলে তারা আশা করছেন।