
বাসাইলের কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শন করলেন ইউএনও ইকবাল হোসেন
মোহাম্মদ নাসির মিয়া, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের বাসাইলের কাউলজানী ইউনিয়নে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ইকবাল হোসেন।
সোমবার (২৭ জুলাই) বেলা ১১টায় কাউলজানী গ্রামে কৃষকদের বাড়িতে এ কার্যক্রম পরিদর্শন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ইসমত আরা খাতুন, কাউলজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউল গনি হাবিব, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ জামাল ও মারিয়া জান্নাত প্রমুখ।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তথ্য সংগ্রহের কাজের অগ্রগতি, তথ্যের যথার্থতা এবং মাঠপর্যায়ে দায়িত্বপ্রাপ্ত কর্মীদের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। তিনি কৃষকদের সঠিক তথ্য সংগ্রহের ওপর গুরুত্বারোপ করে বলেন, নির্ভুল তথ্যের ভিত্তিতেই প্রকৃত কৃষকরা সরকারি কৃষি সহায়তা ও বিভিন্ন প্রণোদনা সহজে পেতে পারবেন।
এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য সংগ্রহের কাজে স্বচ্ছতা, নির্ভুলতা ও সময়ানুবর্তিতা বজায় রাখার নির্দেশনা দেন। পাশাপাশি উপস্থিত কৃষকদের প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, কৃষকদের একটি হালনাগাদ ও নির্ভরযোগ্য তথ্যভান্ডার তৈরির লক্ষ্যে ইউনিয়নের ১, ২, ৩ নং ওয়ার্ডের কৃষকদের কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম গত ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত চলমান থাকবে।
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, কৃষক ও তথ্য সংগ্রহকারী উপ-সহকারী কৃষি অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।