
বাসাইলে পল্লী বিদ্যুৎ অফিসের উঠান বৈঠক ও গণশুনানী অনুষ্ঠিত
মোহাম্মদ নাসির মিয়া, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের বাসাইলে গ্রাহক সেবায় পল্লী বিদ্যুৎ অফিসের উঠান বৈঠক ও গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির বাসাইল জোনাল অফিসের উদ্যোগে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের নলগাইড়া বাজারে এই উঠান বৈঠক ও গণশুনানী অনুষ্ঠিত হয়। বৈঠকে বিদ্যুৎ সেবার মানোন্নয়ন, গ্রাহক সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ ও দায়িত্বশীল বিদ্যুৎ ব্যবহারের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, বিদ্যুৎ জাতীয় সম্পদ। তাই বিদ্যুৎ চুরি প্রতিরোধে সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। কোনো ব্যক্তি বিদ্যুৎ চুরি করলে বা সন্দেহজনক কোনো কার্যকলাপ পরিলক্ষিত হলে তাৎক্ষণিকভাবে পল্লী বিদ্যুৎ অফিসকে অবহিত করার আহ্বান জানানো হয়। একইসঙ্গে ট্রান্সফরমার চুরি প্রতিরোধে স্থানীয় জনগণের সার্বক্ষণিক নজরদারি ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করা হয়।
সভায় গ্রাহকদের সময়সীমার মধ্যে বিদ্যুৎ বিল পরিশোধের গুরুত্ব তুলে ধরা হয়। বিল নিয়মিত পরিশোধের মাধ্যমে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করা এবং অনাকাঙ্ক্ষিত সংযোগ বিচ্ছিন্নকরণ ও অন্যান্য জটিলতা এড়ানোর বিষয়ে সচেতন করা হয়।
বর্তমান জাতীয় বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি ও লোডশেডিংয়ের বাস্তবতা সম্পর্কে গ্রাহকদের অবহিত করেন। পল্লী বিদ্যুৎ সমিতি জাতীয় গ্রিড থেকে প্রাপ্ত বিদ্যুৎ গ্রাহকদের মাঝে বিতরণ করে—এ বিষয়টি তুলে ধরে বিদ্যুৎ সাশ্রয় ও ধৈর্য ধারণের আহ্বান জানানো হয়।
এছাড়াও সাশ্রয়ী বিদ্যুৎ ব্যবহার, রাইট অব ওয়ে (Right of Way) সংরক্ষণ, নিরাপদ বিদ্যুৎ ব্যবহার, বন্যাকালে বিদ্যুৎ দুর্ঘটনা প্রতিরোধ এবং হয়রানিমুক্ত ও স্বচ্ছ সেবা গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। গ্রাহকদের মধ্যস্বত্বভোগী পরিহার করে সরাসরি অফিস থেকে সেবা গ্রহণ এবং সকল অর্থ লেনদেনে অফিসিয়াল রশিদ সংগ্রহের অনুরোধ জানানো হয়।
কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আল মামুনের সভাপতিত্বে এসময় টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোঃ ছানোয়ার হোসেন, বাসাইল জোনাল অফিসের ডিজিএম মোঃ মহিউদ্দিন, এজিএম (সদস্য সেবা) তারিক বিন আব্দুল মান্নান সহ স্থানীয় ইউপি সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।