
বাসাইলে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
মোহাম্মদ নাসির মিয়া, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের বাসাইল উপজেলার ফুলকি ইউনিয়নের নুন্দা বিল ও বাদিয়াজান প্লাবনভূমিতে মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ জাল বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে প্রায় ১৩০টি অবৈধ চায়না দুয়ারী এবং কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত এসব জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় পরিচালিত এই বিশেষ অভিযানে প্রায় ১৩০টি অবৈধ চায়না দুয়ারী জাল এবং ৬৫০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত ২৬০০ মিটার দীর্ঘ এসব জালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ লক্ষ টাকা। পরে জনসম্মুখে আইনগত প্রক্রিয়ায় জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ। অভিযানে সার্বিক সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাসিবুল ইসলাম, বাসাইল থানার সাব-ইন্সপেক্টর মোঃ রুহুলসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, গ্রাম পুলিশ, ফুলকি ইউনিয়ন পরিষদ এবং মৎস্য দপ্তরের কর্মচারীবৃন্দ।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ বলেন, দেশীয় প্রজাতির মাছ রক্ষার্থে অবৈধ চায়না দুয়ারি জাল ব্যবহারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।