
বৃষ্টিতে বেহাল রশিদপুর ইউনিয়নের দুটি গুরুত্বপূর্ণ সড়ক, চরম দুর্ভোগে এলাকাবাসী
মোঃ আজাদ হোসেন নিপুঃ-
জামালপুর প্রতিনিধি।।
জামালপুর সদর উপজেলার ১৫ নং রশিদপুর ইউনিয়নের দুটি গুরুত্বপূর্ণ সড়ক টানা বৃষ্টিতে বেহাল অবস্থায় পরিণত হয়েছে। কাদা ও জলাবদ্ধতার কারণে সড়ক দুটিতে যানবাহন চলাচল প্রায় অচল হয়ে পড়েছে। এতে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষ, শিক্ষার্থী, কৃষক ও পথচারীদের।
স্থানীয় সূত্রে জানা যায়, বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার ফজলুল হকের বাড়ির সামনের সড়ক এবং ৪ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য মোঃ নাজমুল হক নজু মোল্লার বাড়ি যাওয়ার সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। সাম্প্রতিক টানা বর্ষণে সড়ক দুটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে এবং কাদায় একাকার হয়ে যাওয়ায় চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
এলাকাবাসীর অভিযোগ, প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী, কৃষিপণ্য পরিবহনকারী যানবাহন ও সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। অনেক সময় মোটরসাইকেল ও অটোরিকশা কাদায় আটকে যাচ্ছে এবং দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে।
জনদুর্ভোগ কমাতে স্থানীয় বাসিন্দা মোঃ লেবু খাঁ ও বাদশা খাঁসহ কয়েকজন স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সড়কটিকে সাময়িকভাবে চলাচলের উপযোগী করার উদ্যোগ নিয়েছেন। তারা নিজ উদ্যোগে রাস্তার বিভিন্ন স্থানে মাটি ফেলে ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা করছেন। স্থানীয়রা তাদের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন।
ভুক্তভোগী এলাকাবাসী দ্রুত সড়ক দুটি স্থায়ীভাবে সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, বর্ষা মৌসুমে দুর্ভোগ এড়াতে দ্রুত প্রয়োজনীয় সংস্কারকাজ শুরু করা না হলে জনসাধারণের কষ্ট আরও বৃদ্ধি পাবে।
তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এলাকাবাসীর আশা, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।