
মাদারীপুরে শিশু প্রাণ বাঁচাতে চলন্ত পুলিশ ভ্যান উল্টে নিহত পুলিশ সদস্য সহ আহত ১০
উজ্জ্বল মন্ডল, মাদারীপুর
মাদারীপুরে আসামি বহনকারী পুলিশের পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে আব্দুস সালাম নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো দশজন।
বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার পখিরা এলাকায় মৃত্যুময় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় চার আসামি, চার পুলিশ সদস্য ও দুই পথচারীসহ মোট ১০ জন আহত হয়েছেন।
নিহত আব্দুস সালাম শিবচর উপজেলার ভদ্রাসন পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। আহতদের প্রথমে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে কয়েকজনের অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শিবচর থানায় দায়ের করা একটি ফৌজদারি মামলায় শহরের ইটেরপুল এলাকা থেকে চার আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। ভদ্রাসন পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোজাম্মেল হকের নেতৃত্বে অভিযান শেষে আসামিদের নিয়ে শিবচর থানায় ফিরছিল পুলিশের পিকআপটি।
পখিরা এলাকায় পৌঁছালে রাস্তা পার হওয়ার সময় এক শিশু ও তার বাবাকে দেখতে পায় পিকআপটি। তাদের রক্ষা করতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে দ্রুতগতির পিকআপটি সড়কের ওপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই পুলিশ সদস্য আব্দুস সালাম নিহত হন।
দুর্ঘটনায় আহতরা হলেন পখিরা গ্রামের ইব্রাহিম সরদার ও তার মেয়ে ইলমা, শিবচরের ভান্ডারিকান্দি গ্রামের সুলতান চোকদার ও রুবেল চোকদার এবং ফরিদপুরের ভাঙ্গার নুরুজ্জামান। এছাড়া পুলিশ পরিদর্শক মোজাম্মেল হক এবং পুলিশ সদস্য শরিফুল ইসলাম, সোহেল, হাসান ও শামীম আহত হয়েছেন।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা বলেন, সড়ক দুর্ঘটনায় একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন এবং আহতদের ঢাকায় পাঠানো হয়েছে। মূলত সড়ক পার হওয়া এক শিশুকে বাঁচাতে গিয়ে পুলিশের পিকআপটি দুর্ঘটনার কবলে পড়ে।
মর্মান্তিক এই ঘটনায় পুরো জেলা পুলিশ ও প্রশাসন জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।