
শার্শায় বেনাপোলে বাইপাস সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ২
গোলাম মোস্তফা
শার্শা উপজেলা প্রতিনিধি, (যশোর)
যশোরের বেনাপোল পোর্ট থানার বাইপাস সড়কে লোহাবোঝাই ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইব্রাহিম হোসেন (৫০) নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী ও ভ্যানচালকসহ অন্তত দুইজন গুরুতর আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর আনুমানিক পৌনে ২টার দিকে বাইপাস সড়কের ভবারবের গ্রামের রাজুর বাড়ির সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত শিক্ষক ইব্রাহিম হোসেন শার্শা উপজেলার গোগা ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। আহতরা হলেন—মোটরসাইকেল আরোহী শিক্ষক ফজলু (৪৫) এবং ভ্যানচালক আলী কদর (৩৫)।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে শিক্ষক ইব্রাহিম হোসেন ও ফজলু হেলমেট পরিহিত অবস্থায় একটি মোটরসাইকেলে (যশোর-ল-১৫-১৯৩০) গোগা থেকে কাগজপুকুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বেনাপোল বাইপাস সড়কের ভবারবের এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা লোহা ও গ্রিল বোঝাই একটি ভ্যানের সাথে মোটরসাইকেলটির সরাসরি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে ছিটকে পড়ে এবং চালকসহ তিনজনেই গুরুতর আহত হন।
সংবাদ পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। তবে হাসপাতালে নেওয়ার পথেই মোটরসাইকেল চালক শিক্ষক ইব্রাহিম হোসেনের মৃত্যু হয়। বর্তমানে অপর দুই আহত ব্যক্তি শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশাফ আলী জানান, “সংবাদ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনা কবলিত ভ্যান ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানা হেফাজতে আনা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”