
শ্রীপুরে আগুন কাঁচাবাজারে ৪০০ টাকার মরিচ, দিশেহারা মধ্যবিত্ত
মোঃ খাইরুল ইসলাম শ্রীপুর প্রতিনিধি গাজীপুর
গাজীপুরের শ্রীপুর উপজেলার স্থানীয় হাট-বাজারগুলোতে সবজি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। হঠাৎ পণ্যের দাম আকাশছোঁয়া হওয়ায় চরম বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষেরা। বাজার করতে এসে হিমশিম খাচ্ছেন সাধারণ ক্রেতারা।
স্থানীয় বাজারগুলো ঘুরে দেখা যায়, সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে কাঁচামরিচের দাম। বর্তমানে বাজারে প্রতি কেজি কাঁচামরিচ বিকোচ্ছে ৪০০ টাকায়। এছাড়া প্রতি কেজি করল্লা ১০০ টাকা, পটোল ৭০ টাকা, ঢেঁড়স ও ঝিঙ্গা ৭০ থেকে ৮০ টাকা, কাকরোল ১০০ টাকা এবং টমেটো ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।
সবজির পাশাপাশি পেঁয়াজ, রসুন ও আলুর দামও নতুন করে বাড়তে শুরু করেছে। পিছিয়ে নেই মাছের বাজারও; সাধারণ মানের মাছ কিনতে হলেও ক্রেতাদের গুনতে হচ্ছে বাড়তি টাকা।
বাজারে আসা ক্রেতারা ক্ষোভ ও হতাশা প্রকাশ করে জানান, আয়ের চেয়ে ব্যয়ের সামঞ্জস্য না থাকায় সংসার চালানো এখন অসম্ভব হয়ে পড়েছে।
সবকিছুর দামই প্রায় তাদের ক্ষমতার বাইরে চলে গেছে।
মূল্যবৃদ্ধির কারণ হিসেবে খুচরা কাঁচামাল ব্যবসায়ীরা জানান, বড় আড়ৎগুলোতে সিন্ডিকেটের কারসাজির কারণে দাম এভাবে বাড়ছে। পাইকারি আড়ৎগুলোতে নিয়মিত তদারকি ও কঠোর নজরদারি চালানো হলে কাঁচাবাজারের দাম কিছুটা কমে আসতে পারে বলে তারা মনে করেন।
এ অবস্থায় অসৎ সিন্ডিকেট ভাঙতে এবং নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে শ্রীপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনার জোর দাবি জানিয়েছেন সাধারণ জনগণ ও সচেতন মহল।