
মো: আমজাদ হোসেন, চট্টগ্রাম।
চট্টগ্রাম মহানগরী জামায়াতের নেতৃবৃন্দের অংশগ্রহণে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সদস্য এরফান উল্লাহর জানাযার নামায সম্পন্ন হয়েছে।
জানাযায় নগর জামায়াতের আমীরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের অংশগ্রহণ
সোমবার (৯ নভেম্বর) নগর জামায়াতের দেওয়ানবাজারস্থ কার্যালয়ে জোহরের নামাযের পর তাঁর জানাযার নামায অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।
এ সময় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, এরফান উল্লাহর মৃত্যুতে তাঁর পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের পাশাপাশি ইসলামী আন্দোলনের সহকর্মীরাও একজন প্রিয় মানুষকে হারিয়েছেন। তাঁর জীবনের সকল ভালো কাজ আল্লাহ তায়ালা কবুল করুন এবং তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারকে এ শোক সইবার শক্তি ও ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন।
জানাযায় আরও অংশগ্রহণ করেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, মহানগরীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মুহাম্মদ উল্লাহ, ফয়সল মুহাম্মদ ইউনুছ ও মোরশেদুল ইসলাম চৌধুরী, মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও মেয়রপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, ডা. এ কে এম ফজলুল হক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক ছিদ্দিকুর রহমান, ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সেক্রেটারি খুররাম মুরাদ, সাংগঠনিক সম্পাদক গোলাম আযম, নগর জামায়াতের অফিস সম্পাদক হামেদ হাসান ইলাহীসহ জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।