
হোসেনপুরে পুলিশের সাঁড়াশি অভিযান: কিশোর গ্যাং ও মাদক সন্দেহে আটক ১৮
তপন চন্দ্র সরকার, জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ,
কিশোরগঞ্জের হোসেনপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য এবং মাদকের বিস্তার রোধে বিশেষ অভিযান চালিয়েছে থানা পুলিশ। গতকাল (মঙ্গলবার) রাতে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। এতে কিশোর গ্যাং ও মাদক সংশ্লিষ্টতার সন্দেহে ১৮ জনকে আটক করা হয়েছে।
অভিযানের বিষয়ে আজ বুধবার এক সংবাদ ব্রিফিংয়ে বিস্তারিত তথ্য জানান কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল হক।
তিনি জানান, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই করা হচ্ছে। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অপরাধ বা মামলার প্রমাণ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হবে। অন্যদিকে, যাদের বিরুদ্ধে সরাসরি কোনো অভিযোগের প্রমাণ মেলেনি, তাদের ভবিষ্যতের জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে। তারা যেন পরবর্তীতে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সেজন্য অভিভাবকদের জিম্মায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, হোসেনপুর উপজেলাকে পুরোপুরি মাদক ও কিশোর গ্যাংয়ের অভিশাপমুক্ত রাখতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।