
গৌরীপুরে অবৈধ ইটভাটায় প্রশাসনের অভিযান, একটি গুঁড়িয়ে ৩ ভাটাকে ৫ লাখ ২০ হাজার টাকা জরিমানা
আফজাল হোসেন শুভ
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।
ময়মনসিংহের গৌরীপুরে অবৈধভাবে পরিচালিত চারটি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। অভিযানে একটি ইটভাটার স্থায়ী চিমনি ও কিলন ভেঙে উচ্ছেদ করা হয়েছে। পাশাপাশি আইন লঙ্ঘনের দায়ে অপর তিনটি ইটভাটাকে মোট ৫ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার দাড়িয়াপুর, গুজিখাঁ ও মামদিপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শানিরুল ইসলাম শাওন।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে দাড়িয়াপুর এলাকায় সনাতন পদ্ধতিতে পরিচালিত ‘মেসার্স মদিনা ব্রিকস’-এর স্থায়ী চিমনি ও কিলন ভেঙে সম্পূর্ণরূপে উচ্ছেদ করা হয়।
এ ছাড়া ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)’ লঙ্ঘনের দায়ে তিনটি ইটভাটাকে অর্থদণ্ড দেওয়া হয়। এর মধ্যে মামদিপুর এলাকার ‘মেসার্স ইকো ব্রিকস’কে ৩ লাখ টাকা, গুজিখাঁ এলাকার ‘মেসার্স একতা ব্রিকস’কে ১ লাখ ২০ হাজার টাকা এবং একই এলাকার ‘মেসার্স বিসমিল্লাহ ব্রিকস’কে ১ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার সম্পূর্ণ ৫ লাখ ২০ হাজার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
অভিযানে ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাজিয়া উদ্দিন। এ সময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবু সাঈদ ও পরিদর্শক মো. শাহিন আলম উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।
অভিযান শেষে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও বায়ুদূষণ রোধে জেলার অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।