
সাঘাটায় নাতীর হাতে প্রান গেল দাদার, ঘাতক আটক
গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার সাঘাটা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে আপন নাতির ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন এক বৃদ্ধা। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্বামী। বুধবার (১ জুলাই) দুপুরে উপজেলার খামার পবনতাইড় গ্রামে ঘটে এ হৃদয়বিদারক ঘটনা।
নিহত ফেরেজা বেগম (৬৬) এবং গুরুতর আহত আব্দুল করিম (৭১) ওই গ্রামের বাসিন্দা। ঘটনার পর স্থানীয় জনতা অভিযুক্ত নাতিকে আটক করে গণপিটুনি দিয়ে সাঘাটা থানা পুলিশের কাছে সোপর্দ করে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে পরিবারটিতে অভ্যন্তরীণ বিরোধ চলছিল। এরই জেরে বুধবার দুপুরে অভিযুক্ত নাতি ধারালো ছুরি নিয়ে দাদা-দাদির ওপর অতর্কিত হামলা চালায়। উপর্যুপরি ছুরিকাঘাতে দুজনই গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। হামলায় ফেরেজা বেগমের একটি হাতের কবজি প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া তার গাল ও গলায় গভীর ক্ষত সৃষ্টি হয়।
তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে উদ্ধার করে প্রথমে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ফেরেজা বেগম মারা যান। আহত আব্দুল করিমের অবস্থাও আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
এদিকে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা অভিযুক্ত নাতিকে আটক করে পুলিশে খবর দেন। পরে সাঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়দের দাবি, এমন নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।