
শার্শায় উলাশী ইউনিয়নে তরুণীকে ধর্ষণের অভিযোগে দুই জনকে আটক করেছে পুলিশ
গোলাম মোস্তফা
শার্শা উপজেলা প্রতিনিধি, (যশোর)
১জুলাই ২০২৬ বুধবার
যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের ২০ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে আবুল কালাম অপু ও সাব্বির হোসেন নামে দুই যুবককে আটক করেছে পুলিশ।
আটক দুজন হলেন—উপজেলার উলাশী ইউনিয়নের গিলেপোল গ্রামের সাহেব আলীর ছেলে আবুল কালাম অপু এবং একই গ্রামের সেকেন্দার বাদশার ছেলে সাব্বির হোসেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার বর্ণমালা বিদ্যাপীঠের পেছনে একটি পুকুরের পূর্বপাড়ে বকতিয়ারের আমবাগানসংলগ্ন বাঁশঝাড়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই তরুণীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় গত মঙ্গলবার ভুক্তভোগীর মা বাদী হয়ে শার্শা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক জানান, মামলার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার ভিত্তিতে অভিযুক্ত দুইজনকে আটক করে। পরে তাদের আদালতের মাধ্যমে যশোর কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত শেষে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।