
সুন্দরগঞ্জে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন ও পুরস্কার বিতরণ
এম মাহফুজার রহমান
উপজেলা প্রতিনিধি সুন্দরগঞ্জ (গাইবান্ধা)
০২/০৮৭/২৬
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর উদ্বোধন এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে সারা দেশে একযোগে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ উপলক্ষে সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে আয়োজিত উদ্বোধনী কার্যক্রমে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঈফফাত জাহান তুলি। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর শহিদুল ইসলাম সরকার মঞ্জু, উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ, পৌর বিএনপির আহ্বায়ক ইখতিয়ার উদ্দিন ভূইয়া নিপন, সদস্য সচিব মিজানুর রহমান লিপু, পৌর জামায়াতে ইসলামীর আমীর মুহা. একরামুল হক, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ইফতেখার হোসেন পপেল, এবি পার্টির আহ্বায়ক তাজুল ইসলাম, এনসিপির নেতা লুৎফর রহমান বকসি, উপজেলা স্কাউটের সম্পাদক এম মাহফুজার রহমান লেলিনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সংস্কৃতিকর্মীরা।
অনুষ্ঠানে জানানো হয়, ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, সংগীত ও আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বছরব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক, সাহিত্য ও শিক্ষামূলক কর্মসূচি পালন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপজেলা পর্যায়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।