
সাপাহারে কৃষি প্রণোদনা, দুর্যোগ সহায়তা ও বিশেষ চাহিদাসম্পন্নদের মাঝে হুইলচেয়ার বিতরণ
মোঃ হামিদুর রহমান, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর সাপাহারে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মধ্যে আর্থিক সহায়তার চেক প্রদান, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ এবং ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, উপজেলা সমাজসেবা কার্যালয় এবং উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখার যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন কর্মসূচির উদ্বোধন ও উপকরণ বিতরণ করেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ শাপলা খাতুন।
অনুষ্ঠানে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজ, শাকসবজি, রোপা আমন ও মরিচ চাষের জন্য উন্নতমানের বীজ, রাসায়নিক সার এবং অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়। এছাড়াও লেবু ও বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা, জৈব সার এবং পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়।
এছাড়া প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে সরকারি অনুদানের চেক বিতরণ, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার প্রদান এবং সর্বসাধারণের অংশগ্রহণে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনিরুজ্জামান টকি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুজ্জামান, সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু), সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুন নুর, বিএনপি নেতা মোখলেসুর রহমান (মুকুল), বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, কৃষক-কৃষাণী, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকের জীবনমান উন্নয়ন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।