
নওগাঁর পত্নীতলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
মোঃ রাসেদ আলী প্রতিনিধি, পত্নীতলা (নওগাঁ):
নওগাঁর পত্নীতলা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
এবারের প্রতিপাদ্য ছিল— “উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ; সবার আগে বাংলাদেশ।”
দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং পল্লী উন্নয়নের বিভিন্ন কার্যক্রম নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারী, সমবায় সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়নে গ্রামীণ অর্থনীতি ও পল্লী উন্নয়নের বিকল্প নেই। আধুনিক, স্বনির্ভর ও সমৃদ্ধ গ্রাম গড়ে তোলার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।