
জ্বলছে না চূলা, ঢাকা-আরিচা মহাসড়কে অবরোধ, তীব্র যানজটে যাত্রীরা
মোহাম্মদ শফিকুল ইসলাম ঢাকা জেলা প্রতিনিধি।
ঢাকার ধামরাইয়ে দীর্ঘদিনের গ্যাস সংকটের প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন আবাসিক গ্যাস গ্রাহকেরা। উপজেলার কালামপুর এলাকায় শুরু হাওয়া এ কর্মসূচি প্রায় আড়াই ঘণ্টা স্থায়ী হয়। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
আন্দোলনকারীরা জানান, ধামরাইয়ের গোয়ালদী, বাটুলিয়া, মহিষাসী, কাওয়ালী পাড়া ও আশপাশের এলাকায় প্রায় দুই বছর ধরে তীব্র গ্যাস সংকট চলছে। নিয়মিত বিল পরিশোধ করলেও বাসায় পর্যাপ্ত গ্যাস না থাকায় রান্নার জন্য এলপিজি সিলিন্ডার ও বিকল্প জ্বালানির উপর নির্ভর করতে হচ্ছে। তাদের অভিযোগ, কালামপুর ডিআরএসের পাশে একটি রি-রোলিং মিল ও বিসিক এলাকার একটি সিরামিক কারখানায় অবৈধ বুস্টার ব্যবহারের কারণেই আবাসিক এলাকায় গ্যাসের চাপ কমে যাচ্ছে।
অবরোধে অংশ নেওয়া গৃহবধূরা জানায়, গ্যাস না থাকায় সকালে পরিবারের সদস্যদের অনেক সময় না খাইয়েই স্কুল ও কর্মস্থলে পাঠাইতে হয়। তারা দ্রুত আবাসিক গ্যাস মিটার স্থাপন, পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত করা এবং গ্যাস না পাওয়ার সময়ের বিল মওকুফের দাবি জানান।
অবরোধের কারণে ঢাকা-আরিচা মহাসড়কে শত শত যানবাহন আটকে পড়ে। পরে ধামরাই থানা, গুলড়া হাইওয়ে থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে দ্রুত সমাধানের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়। এরপর ধীরে ধীরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তবে অভিযুক্ত শিল্প প্রতিষ্ঠানগুলোর কোন বক্তব্য তাৎক্ষণিক পাওয়া যায়নি।