
রাজশাহীর চারঘাটে সাত বছর বয়সী শিশু ধর্ষণের অভিযোগ, মামলার ৬ ঘণ্টার মধ্যেই মূল আসামীকে হাতেনাতে ধরল র্যাব-৫
অপু দাস, ব্যুরো প্রধান, রাজশাহী।
রাজশাহীর চারঘাট উপজেলায় সাত বছর বয়সী একটি শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার একমাত্র আসামী দেব চন্দ্র দাসকে মামলা দায়েরের ছয় ঘণ্টার মধ্যেই গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৫ (র্যাব-৫)। রাজশাহী মহানগরীর মতিহার থানা এলাকা থেকে অভিযুক্তকে আটক করে বাহিনীটি।
দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রতিষ্ঠাকাল থেকেই সক্রিয় ভূমিকা পালন করে আসছে র্যাব। অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজি প্রতিরোধ, বেআইনি দখলদারিত্ব প্রতিহত করা, সন্ত্রাসী কর্মকাণ্ড দমন, খুন-ছিনতাই-অপহরণের সঙ্গে জড়িতদের গ্রেফতার এবং ধর্ষণ ও প্রতারণার মামলার আসামীদের ধরতে বাহিনীটি নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।
মামলার তথ্যানুযায়ী জানা যায়, ভুক্তভোগী শিশুটির পিতা রিপন চন্দ্র দাস (২৯) চারঘাট থানার আরজিসাদীপুর (হঠাৎপাড়া) গ্রামের একজন বাসিন্দা। অভিযুক্ত দেব চন্দ্র দাস (২২) তাদেরই প্রতিবেশী হিসেবে পরিচিত। গত ৮ জুলাই, দুপুর আনুমানিক দুইটার সময়, শিশুটি টেলিভিশন দেখার জন্য পার্শ্ববর্তী দেব চন্দ্রের বাড়িতে যায়। ঘরে তখন অন্য কেউ না থাকায় সেই সুযোগ কাজে লাগিয়ে অভিযুক্ত শিশুটিকে খাবার দেওয়ার প্রলোভনে ঘরে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার কিছু সময় পর শিশুটির মা মেয়েকে গোসল করানোর জন্য খুঁজতে বের হন এবং একপর্যায়ে প্রতিবেশীর বাড়ির বারান্দায় কাঁদতে থাকা অবস্থায় শিশুটিকে খুঁজে পান। গোসল করানোর সময় শিশুটির পোশাকে অস্বাভাবিক দাগ চোখে পড়লে মা তা তৎক্ষণাৎ স্বামীকে জানান। এরপর শিশুটিকে জিজ্ঞাসাবাদ করলে সে পুরো ঘটনা খুলে বলে। পরিবার তাৎক্ষণিকভাবে শিশুটিকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে, বর্তমানে সেখানেই শিশুটি চিকিৎসাধীন রয়েছে।
ঘটনাটি জানাজানি হওয়ার পরপরই এলাকাসহ সমগ্র রাজশাহীজুড়ে তীব্র প্রতিক্রিয়া ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে চারঘাট থানায় দেব চন্দ্র দাসের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০২৫)-এর ৯(১) ধারায় একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর ৭, তারিখ ৮ জুলাই ২০২৬।
মামলা রুজুর পরপরই আসামী গ্রেফতারে অভিযানে নামে র্যাব-৫। এরই ধারাবাহিকতায় সদর কোম্পানি, রাজশাহীর একটি চৌকস দল একই রাতে আনুমানিক সাড়ে তিনটার সময় মহানগরীর মতিহার থানাধীন মোহনপুর এলাকার ম্যাজিক লুণ্ঠন স্কুলের সামনে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ঘটনার সঙ্গে নিজের জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে বলে র্যাব জানিয়েছে। বর্তমানে তাকে সংশ্লিষ্ট থানা চারঘাটে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।