
নাওগাঁও ইউনিয়নে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন
মোঃ মাহবুবুল আলম বিভাগীয় ব্যুরো ময়মনসিংহ
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার নাওগাঁও ইউনিয়নে সরকারের নির্বাচনী ইশতেহারে বর্ণিত “কৃষক কার্ড” বাস্তবায়নের লক্ষ্যে কৃষকদের তথ্য সংগ্রহ কার্যক্রম-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ফুলবাড়ীয়া উপজেলা বিএনপির আহবায়ক জনাব আখতারুল আলম ফারুক।
অনুষ্ঠানটি নাওগাঁও ইউনিয়ন পরিষদের ৩, ৫ ও ৬ নং ওয়ার্ডে আয়োজিত হয়। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, কৃষক প্রতিনিধি এবং বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, কৃষকদের সঠিক তথ্যভান্ডার তৈরি করা গেলে তাদের জন্য সরকারি সুবিধা নিশ্চিত করা সহজ হবে। “কৃষক কার্ড” চালু হলে কৃষকরা সরাসরি বিভিন্ন ভর্তুকি, সহায়তা ও প্রণোদনা পাওয়ার সুযোগ পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বক্তারা কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরনের কার্যক্রমকে সময়োপযোগী উল্লেখ করে সকল কৃষককে তথ্য প্রদানে এগিয়ে আসার আহ্বান জানান।
উদ্বোধনী পর্ব শেষে উপস্থিত কৃষকদের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করা হয়।