
নিজস্ব প্রতিবেদক,
দেশের শিক্ষা খাতের উন্নয়ন এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের আর্থিক নিরাপত্তা ও জীবনযাত্রার মান বৃদ্ধির লক্ষ্যে বড় পদক্ষেপ নিয়েছে সরকার। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য নতুন জাতীয় পে-স্কেল (নবম পে-স্কেল) বাস্তবায়নের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে।
রোববার (১ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ চিঠি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে পাঠানো হয়েছে। চিঠিতে ২০২৬-২৭ অর্থবছরে নতুন পে-স্কেল বাস্তবায়নের জন্য ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা অতিরিক্ত বরাদ্দ চাওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব মোহাম্মদ মনোয়ার হোসেনের সই করা চিঠিটি সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, দেশের শিক্ষা খাতের সার্বিক উন্নয়নে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের অবদান অপরিসীম। শিক্ষকদের চাকরির সুযোগ-সুবিধা বৃদ্ধি, তাদের সামাজিক কল্যাণ এবং সার্বিক পেশাগত পরিষেবা উন্নত করতে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক। এই লক্ষ্য অর্জনেই শিক্ষা খাতের আনুপাতিক বাজেট বৃদ্ধি করা হচ্ছে, যা শিক্ষকদের জীবনযাত্রার মান এবং পেশাদারিত্বের উৎকর্ষ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত সকল এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারী ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন-ভাতা পাচ্ছেন।
আসন্ন জাতীয় বেতন স্কেল ২০২৬ (নবম পে-স্কেল) অনুযায়ী শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণের ক্ষেত্রে অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে:বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের জন্য: অতিরিক্ত ২ হাজার ৫৩১ কোটি ৫৪ লাখ টাকা।বেসরকারি কলেজসমূহের জন্য: অতিরিক্ত ৭৩৬ কোটি ৩৬ লাখ টাকা।সর্বমোট প্রয়োজন: প্রায় ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা।
শিক্ষাখাত সংশ্লিষ্টরা আশা করছেন, অর্থ বিভাগ থেকে এই বরাদ্দ অনুমোদন পেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের অর্থনৈতিক টানাপোড়েন দূর হবে এবং তারা আরও অধিক মনোযোগের সাথে দেশের ভবিষ্যৎ প্রজন্ম গঠনে ভূমিকা রাখতে পারবেন।