
মাদারগঞ্জে ব্র্যাক কর্মীর বিরুদ্ধে প্রায় ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
মোঃ আজাদ হোসেন নিপুঃ-
জামালপুর জেলা প্রতিনিধি।।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় একটি নতুন আর্থিক প্রতারণার অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উপজেলার এক ব্র্যাক মাঠকর্মী আশা আক্তারের বিরুদ্ধে গ্রাহকদের কাছ থেকে সংগৃহীত প্রায় ১০ লাখ টাকা আত্মসাত করে আত্মগোপনে যাওয়ার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্র ও ক্ষতিগ্রস্তদের দাবি, দীর্ঘদিন ধরে ব্র্যাকের মাঠকর্মী হিসেবে কর্মরত আশা আক্তার বিভিন্ন সদস্যের কাছ থেকে কিস্তি ও সঞ্চয়ের টাকা সংগ্রহ করতেন। সম্প্রতি নির্ধারিত সময়ে ওই অর্থ জমা না দিয়ে তিনি কর্মস্থল ও বাসা থেকে নিখোঁজ হয়ে যান বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
ক্ষতিগ্রস্ত সদস্যদের ভাষ্য, তারা বিষয়টি জানতে পেরে ব্র্যাকের সংশ্লিষ্ট শাখা কার্যালয়ে যোগাযোগ করেন। পরে জানতে পারেন, সংগৃহীত অর্থের একটি বড় অংশের হিসাব মিলছে না। এতে গ্রাহকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, মাদারগঞ্জে এর আগেও একটি সমবায় সমিতির আর্থিক কেলেঙ্কারির ক্ষত কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। এরই মধ্যে নতুন করে এ অভিযোগ জনমনে উদ্বেগ বাড়িয়েছে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্তরা দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তাদের অর্থ ফেরতের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ব্র্যাকের সংশ্লিষ্ট শাখা ব্যবস্থাপকের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ঘটনার সত্যতা যাচাই ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।