
মোঃ আরিফুল ইসলাম মিল্টন,জেলা প্রতিনিধি।
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের পৃথক বিশেষ অভিযানে ২২ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া পৃথক অভিযানে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদক, বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনে পৃথক মামলা রয়েছে বলে জানা গেছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার (১১ নভেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার চর মাটিভাঙ্গা গ্রামে নাজিরপুর থানা পুলিশ ও মাটিভাঙ্গা পুলিশ ফাঁড়ির সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করেন। এ সময় ২২ পিস ইয়াবাসহ মো. আজাহার আলী শেখ (৫৫) ও মো. সোহেল শেখ (৩৫) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আজাহার আলী শেখ চর মাটিভাঙ্গা গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে। তিনি স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে পরিচিত। অপর গ্রেপ্তার সোহেল শেখ একই গ্রামের মো. কবির শেখের ছেলে।
এদিকে বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে উপজেলার শাঁখারিকাঠি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে পৃথক অভিযান চালিয়ে মো. পাভেল মল্লিক (২৭) নামে আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ওই এলাকার আলাউদ্দিন মল্লিকের ছেলে এবং নাজিরপুর কলেজ ছাত্রলীগের সাবেক সহসভাপতি বলে জানা গেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, আজাহার আলী শেখকে একটি বিস্ফোরক মামলায়, সোহেল শেখকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় এবং পাভেল মল্লিককে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
এ বিষয়ে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, দেশের পরিস্থিতি অস্থিতিশীল করা এবং সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান চলবে। তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।