
কোটালীপাড়ায় মাদকসেবীর ছয় মাস কারাদণ্ড
নৃপেন হালদার , কোটালীপাড়া(গোপালগঞ্জ)প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মাদক সেবনের অভিযোগে মোঃ ওমর মোল্লা (৩০) নামে এক যুবককে ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৬ জুলাই) বিকেলে কোটালীপাড়া উপজেলার বান্ধাবাড়ী গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাগুফতা হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।
এ সময়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোপালগঞ্জের পরিদর্শক খোরশেদ আলম এবং কোটালীপাড়া থানার এস আই সুব্রত মালো সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত মোঃ ওমর মোল্লা কোটালীপাড়া বান্ধাবাড়ী গ্রামের ফিরোজ মোল্লার ছেলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাদক সেবনরত অবস্থায় ওমর মোল্লাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুই পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাগুফতা হক জানান, মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।