
ধামরাইয়ে রথযাত্রা উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভা, নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত
মোহাম্মদ শফিকুল ইসলাম ঢাকা জেলা প্রতিনিধি
আসন্ন থ্রি থ্রি যশো মাধবের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব-২০২৬ শান্তিপূর্ণ ও সুষ্টভাবে উদযাপনের লক্ষ্যে ধামরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য মোঃ আলহাজ্ব তমিজ উদ্দিন সাহেব। সভাপতিত্ব করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ও এক্সেকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রিদওয়ান আহমেদ রাফি, উপজেলা কৃষি অফিসার মোঃ আরিফুর রহমান, ধামরাই উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ শামছুল ইসলাম, ধামরাই পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আতিকুর রহমান আতিক, ধামরাই থানার পুলিশ পরিদর্শক ওসি তদন্ত মোঃ শহিদুল ইসলাম, আইন-শৃঙ্খলা বাহিনীর অন্যান্য কর্মকর্তা এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা রথযাত্রা উপলক্ষে সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা, যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থাপনা এবং গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের বিষয়ে আলোচনা করেন। এছাড়া মন্ডপ এলাকা ও রথ চলাচলের রুটে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখা এবং উৎসবের দিনগুলোতে পৌর এলাকার পরিচ্ছন্নতা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করা হয়।
সভা থেকে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন জানায়, উৎসব চলাকালীন যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর নিরাপত্তা বলয় থাকবে। একইসঙ্গে সকল ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন বদ্ধপরিকর।