
পরশুরামে মৎস্য চাষিদের মাঝে এরেটরসহ বিভিন্ন উপকরণ বিতরণ
মোহাম্মদ হানিফ ফেনী জেলা প্রতিনিধি।
দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তিনির্ভর চাষ সম্প্রসারণে মৎস্য বিভাগের উদ্যোগ
ফেনীর পরশুরাম উপজেলায় মৎস্য চাষের উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের লক্ষ্যে সুফলভোগী মৎস্য চাষিদের মাঝে এরেটরসহ বিভিন্ন মাছ চাষ উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৪ জুন ২০২৬) উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (তৃতীয় পর্যায়)-এর আওতায় এ উপকরণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, প্রকল্পের আওতায় উপজেলার গৃহস্থালী কাজে ব্যবহৃত পুকুরসমূহে দেশীয় ছোট মাছ চাষ প্রদর্শনী এবং মৎস্য চাষ প্রদর্শনী খামারসহ মোট পাঁচটি প্রদর্শনী কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। পাশাপাশি রাজস্ব বাজেটের আওতায় আরও একটি দেশীয় প্রজাতির ছোট মাছের প্রদর্শনী কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসব কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য নির্বাচিত মৎস্য চাষিদের মাঝে প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়।
উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতনু বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. হেলাল উদ্দীন, উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ মোস্তফা জামান, ফেনী সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মিরাজুল ইসলাম, ফুলগাজী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হাসান, পরশুরাম উপজেলা প্রকৌশলী মো. ওবায়দুল বাশার এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. ফিরোজ উদ্দিন।
এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সুফলভোগী মৎস্য চাষি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং নিরাপদ ও টেকসই মৎস্য চাষ ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা গেলে মৎস্য খাতে উৎপাদন আরও বৃদ্ধি পাবে এবং চাষিরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন।
বক্তারা সরকারের চলমান এ ধরনের প্রকল্পকে মৎস্য খাতের উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। তারা ভবিষ্যতেও মৎস্য চাষিদের পাশে থেকে প্রযুক্তিগত সহায়তা ও প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।