
ফেনীতে মূল্যবোধভিত্তিক সমাজ গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত
মোহাম্মদ হানিফ ফেনী জেলা প্রতিনিধি।
২৯ জুন ২০২৬:
সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে সরকারি কর্মকর্তা, কর্মচারী ও সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণ
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য, গুজব ও অপপ্রচার বিস্তারের প্রেক্ষাপটে সচেতনতা বৃদ্ধি এবং মূল্যবোধভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে ফেনী জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) জেলা প্রশাসক ফেনী-এর সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন ফেনী জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ মনিরা হক।
আলোচনা সভায় বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের ইতিবাচক ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি গুজব, বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার বা শেয়ার না করার বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা আরও বলেন, একটি মানবিক, নৈতিক ও মূল্যবোধসম্পন্ন সমাজ বিনির্মাণে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান এবং সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। ইতিবাচক সামাজিক চেতনা বিকাশ, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে প্রত্যেকের ভূমিকা নিশ্চিত করার মাধ্যমে একটি নিরাপদ ও সচেতন সমাজ গড়ে তোলা সম্ভব।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ মনিরা হক বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের যথাযথ ও দায়িত্বশীল ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে সকলকে সচেতন থাকার আহ্বান জানান এবং সামাজিক সম্প্রীতি, নৈতিকতা ও ইতিবাচক মূল্যবোধ প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় অংশগ্রহণকারীরা সমাজে ইতিবাচক সামাজিক চেতনা জাগ্রত করা, তথ্য যাচাইয়ের সংস্কৃতি গড়ে তোলা এবং গুজব প্রতিরোধে সমন্বিত উদ্যোগ গ্রহণের বিষয়ে মতামত তুলে ধরেন।
অনুষ্ঠানটি পারস্পরিক মতবিনিময়, সচেতনতা বৃদ্ধি এবং মূল্যবোধনির্ভর সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখবে বলে উপস্থিত বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।