
বগুড়ায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।
জিহাদ কাজী
বগুড়া জেলা প্রতিনিধি
“মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬” উপলক্ষে বগুড়ায় মাদকবিরোধী বন্ধন, র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২৬ জুন) সকাল সাড়ে ৯টায় বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় (বটতলা) প্রাঙ্গণ থেকে একটি মাদকবিরোধী র্যালি বের হয়ে জেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ বছরের দিবসটির প্রতিপাদ্য ছিল— “World Drug Problem: Persisting Issues, New Challenges, Innovative Responses”।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি ছিলেন বগুড়া সিটি প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ (পিপিএম) এবং সিভিল সার্জন ডা. মো. খুরশীদ আলম।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাসুদ হোসেন। স্বাগত বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় বগুড়ার উপ-পরিচালক মো. জিললুর রহমান। তিনি অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম ও মাদক নিয়ন্ত্রণে গৃহীত পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সম্মানিত ইমাম, বিভিন্ন এনজিও ও স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি, বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের সদস্য, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীরা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথিসহ অন্যান্য বক্তারা মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারের ভয়াবহতা তুলে ধরে জনসচেতনতা বৃদ্ধি, জনমত গঠন এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
দিবসটি উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে জেলার গুরুত্বপূর্ণ স্থানে মাদকবিরোধী স্টিকার ও পোস্টার লাগানো, লিফলেট বিতরণ, যানবাহনে সচেতনতামূলক স্টিকার সংযোজন, জেলা তথ্য অফিসের সহযোগিতায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন উল্লেখযোগ্য।